নতুন ফিচার আনলো ইনস্টাগ্রাম

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করে নতুন একটি ফিচার চালু করেছে। এখন থেকে পোস্ট দেওয়ার পরও ক্যারোসেলের (একাধিক ছবি বা ভিডিও) ক্রম পরিবর্তন করা যাবে।
এই আপডেটটি নিশ্চিত করেছেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি। পাশাপাশি প্ল্যাটফর্মটির অফিসিয়াল ‘ক্রিয়েটরস’ অ্যাকাউন্ট থেকেও জানানো হয়েছে, কীভাবে ব্যবহারকারীরা সহজেই এই পরিবর্তন করতে পারবেন।
যেভাবে ক্যারোসেলের ছবি রি-অর্ডার করবেন
ক্যারোসেলের ছবি বা ভিডিওর অবস্থান পরিবর্তন করতে—
পোস্টের ডান পাশে থাকা তিন-ডট (⋮) মেনুতে ট্যাপ করুন > “Edit” অপশন নির্বাচন করুন > যে ছবি সরাতে চান সেটিতে চাপ দিয়ে ধরে রাখুন > তারপর সেটিকে আপনার পছন্দমতো জায়গায় টেনে নিয়ে যান,
সবশেষে “Done” চাপ দিয়ে পরিবর্তন সংরক্ষণ করুন।
সম্প্রতি এই ফিচারটি ঘোষণা করেছে, তাই সব অঞ্চলে এটি পৌঁছাতে কয়েকদিন সময় লাগতে পারে। তবে অনেক ব্যবহারকারী ইতোমধ্যেই এটি ব্যবহার করতে পারছেন, এমনকি অ্যাপ আপডেট ছাড়াই।
পরীক্ষায় দেখা গেছে, একটি পোস্টের সব ছবি ও ভিডিও বারবার ইচ্ছেমতো সরানো যাচ্ছে এবং এর জন্য নির্দিষ্ট কোনও সময়সীমাও নেই।
পুরনো পোস্টে সীমাবদ্ধতা
তবে একটি সীমাবদ্ধতাও রয়েছে। এই ফিচারটি শুধুমাত্র নতুন করে আপলোড করা ক্যারোসেলের ক্ষেত্রে কাজ করবে। পুরনো পোস্টে এখনও ছবির ক্রম পরিবর্তন করা যায় না। সেখানে শুধু ছবি বা ভিডিও ডিলিট করার সুযোগ রয়েছে।
এছাড়া, অনেকদিনের আরেকটি চাহিদা— আগের ক্যারোসেলে নতুন ছবি যোগ করার সুবিধা এখনও চালু হয়নি বলে জানিয়েছে ‘ক্রিয়েটরস’ অ্যাকাউন্ট।
আরও কিছু পরিবর্তন
সম্প্রতি ইনস্টাগ্রাম একাধিক নতুন ফিচার যোগ করেছে, যার মধ্যে রয়েছে রিলস অ্যালগরিদম নিয়ন্ত্রণের অপশন। তবে সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো— ডাইরেক্ট মেসেজে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত। কোম্পানির তথ্য অনুযায়ী, আগামী ৮ মে থেকে এই ফিচারটি আর থাকবে না।
ভিওডি বাংলা/এসআর







