যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ আহাদ শেখ (২৭) নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ এপ্রিল) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় তল্লাশি করে দুই কেজি গাঁজাসহ আহাদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তার হওয়া আহাদ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাঁজা সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আহাদ শেখের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভিওডি বাংলা/আরকেএইচ







