ভৈরবে চার ঘণ্টা তাণ্ডব, ভাঙচুর মসজিদ ও দোকানপাট

কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় চার ঘণ্টা স্থায়ী এ সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকজনকে আটক করেছে।
রোববার (৫ এপ্রিল) ভৈরব পৌর এলাকার ঘোড়াকান্দা বালুর মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাঠে ফুটবল খেলার সময় মসজিদ বাড়ি এলাকার যুবকদের সঙ্গে পলাশ সিনেমা হল মোড় এলাকার যুবকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিকেল ৫টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়। প্রথম দফায় প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ চলে।
পরে রাত সাড়ে ৭টার দিকে আবারও দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে চলে হামলা-পাল্টা হামলা। এ সময় একটি মসজিদ ও বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়।
দুই দফায় প্রায় চার ঘণ্টা ধরে চলা এ সহিংসতায় রাত ১০টা পর্যন্ত পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কয়েকজনকে আটক করে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/আ







