• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ৭ এপ্রিল ২০২৬, ১২:৫৬ এ.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার জন্য পদক্ষেপ নিচ্ছেন। তিনি জানিয়েছেন, ধাপে ধাপে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে শহর ও গ্রামে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

সোমবার (৬ এপ্রিল) ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উপলক্ষে ফেসবুকে দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্বাস্থ্যকর এবং নিরাপদ পৃথিবী গড়ার অঙ্গীকারকে সামনে রেখে মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’ উদযাপিত হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য হলো ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’।

তিনি বলেন, মানুষ, পশুপাখি ও পরিবেশ পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। এদের নিরাপত্তা ও সুস্থতা পরস্পরের ওপর নির্ভরশীল। এজন্য সব প্রাণের সুরক্ষা আজ সময়ের দাবি। এটাই ‘One Health’ বা ‘এক স্বাস্থ্য’ ধারণা, যা মানুষের সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ ও প্রাণিকূলের স্বাস্থ্য রক্ষার সমান গুরুত্ব দেয়। এই লক্ষ্য বাস্তবায়নে চিকিৎসাবিজ্ঞান, কৃষিবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান ও পরিবেশবিজ্ঞানকে সমন্বিত করে গবেষণা ও টেকসই প্রযুক্তি ব্যবহার করা অপরিহার্য।

প্রধানমন্ত্রী আরও বলেন, “বিশ্বজুড়ে বিজ্ঞানের দ্রুত অগ্রগতি স্বাস্থ্যসেবায় নতুন সুযোগ ও সম্ভাবনা তৈরি করেছে। বিশেষ করে আমাদের প্রান্তিক অঞ্চল ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য টেকসই, মানসম্পন্ন ও বৈষম্যহীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহার অপরিহার্য। দ্রুত ও নির্ভুল রোগ নির্ণয় এবং কার্যকর চিকিৎসার জন্য ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অগমেন্টেড রিয়েলিটি (এআর), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং (এমএল)-এর মতো প্রযুক্তি উদ্ভাবন, ব্যবহার ও প্রসারকে উৎসাহিত করতে হবে।”

তিনি বলেন, “বাংলাদেশের বর্তমান সরকার বিশ্বাস করে ‘Prevention is Better than Cure’, অর্থাৎ প্রতিকার নয়, প্রতিরোধ উত্তম। আমাদের সরকার ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্র হিসেবে সহজ ও সুলভ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। কারণ, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার।”

সরকারের পরিকল্পনায় রয়েছে দেশের প্রতিটি নাগরিকের জন্য ই-হেলথ কার্ড চালু করা, দীর্ঘমেয়াদি ও জটিল রোগের দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ব্যবস্থা, স্বাস্থ্য খাতে সেবার মান উন্নয়ন, চিকিৎসা ব্যয় সহনীয় রাখার সংস্কার, স্বাস্থ্যবিমা কার্যকর করা, চিকিৎসা শিক্ষা ও গবেষণা জোরদার করা এবং সেবাগ্রহীতা ও সেবাদাতার জন্য ন্যায়সঙ্গত আইন প্রণয়ন। এই সব উদ্যোগ বাস্তবায়নে স্বাস্থ্য খাতে ধাপে ধাপে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে আমরা একটি সুস্থ ও সবল জাতি গঠনে সক্ষম হব। বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করি।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিল্লি থেকে মরিশাসে একই ফ্লাইটে যাচ্ছেন খলিল-জয়শঙ্কর
দিল্লি থেকে মরিশাসে একই ফ্লাইটে যাচ্ছেন খলিল-জয়শঙ্কর
দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও
দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও
মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী
মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার : প্রধানমন্ত্রী