ট্রাম্পকে নতুন যে প্রস্তাব দিতে যাচ্ছে ইরান!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ‘আল্টিমেটাম’ এবং হরমুজ প্রণালী না খোলার শর্তে ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকিকে তেহরান ‘যুদ্ধাপরাধের শামিল’ হিসেবে অভিহিত করেছে। সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য নিশ্চিত করেন।
ইসমাইল বাঘাই জানান, ইরান-ইসরায়েল-মার্কিন সংঘাত বন্ধে মধ্যস্থতাকারীদের দেওয়া প্রস্তাবের বিপরীতে তারা একটি পাল্টা খসড়া প্রস্তাব প্রস্তুত করেছে। তিনি বলেন, “মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র যে ১৫ দফার শান্তি পরিকল্পনা পাঠিয়েছিল, তা আমাদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো হুমকি বা আল্টিমেটাম দিয়ে আলোচনা করা সম্ভব নয়।”
বাঘাই আরও বলেন, ইরান শুধু মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যানই করেনি, বরং নিজেদের জাতীয় স্বার্থ ও কৌশলগত বিবেচনার ভিত্তিতে একগুচ্ছ দাবির খসড়া তৈরি করেছে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, “আমরা শুরু থেকেই জানতাম আমরা কী চাই এবং আমাদের ‘রেড লাইন’ কোথায়। আলোচনার মুহূর্ত থেকেই আমাদের উত্তর প্রস্তুত ছিল। আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার।”
মুখপাত্র বলেন, ইরান বর্তমানে তাদের নিজস্ব প্রস্তাবের বিস্তারিত পর্যালোচনা শেষ করছে এবং উপযুক্ত সময়ে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তেহরানের এই অনমনীয় অবস্থান প্রমাণ করছে, তারা চাপের মুখে কোনো চুক্তিতে স্বাক্ষর করবে না; বরং নিজেদের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষা করেই শান্তি আলোচনায় অংশ নিতে চায়।
পাকিস্তানের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক প্রক্রিয়া কতটা সফল হবে, তা এখন দেখার বিষয়। তবে ইরানের পাল্টা প্রস্তাব মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
ভিওডি বাংলা/এমএস







