তামিম ইকবাল নতুন বিসিবি সভাপতি, রাজীব শুক্লার অভিনন্দন

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করেছে। সেই অনুযায়ী, সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে তিন মাসের মধ্যে বোর্ডের পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।
নতুন বোর্ড সভাপতির পদে বসা তামিমকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা। টুইটারে তিনি লিখেছেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশের ভেতরে এবং আন্তর্জাতিক পরিসরেও ক্রিকেটের সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করবে।”
বিসিবির সাম্প্রতিক পরিস্থিতি অস্থির ছিল। গত অক্টোবরের বিতর্কিত নির্বাচনের পর ২৫ সদস্যের পর্ষদ দায়িত্ব গ্রহণ করলেও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় মাত্র ছয় মাসের মধ্যে সাতজন পরিচালক পদত্যাগ করেন। ফলে বোর্ডে অবশিষ্ট ছিলেন ১৭ জন পরিচালক। বোর্ডের কার্যক্রম সঠিকভাবে চলতে না পারায় এনএসসির হস্তক্ষেপে পুরো পর্ষদ বিলুপ্ত করা হয়।
জানা গেছে, এনএসসির জরুরি বৈঠকের আগে ১৫ সদস্যের কমিটি গঠনের সম্ভাবনা ছিল। তবে শেষ পর্যন্ত ১১ সদস্য নিয়ে গঠন করা হয়েছে অ্যাডহক কমিটি, যা আগামী নির্বাচনের আগে বোর্ডের দায়িত্ব পালন করবে। ইতিমধ্যেই তামিম এ কমিটির আহ্বায়ক হিসেবে কার্যক্রম শুরু করেছেন এবং নিজেকে নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।
অ্যাডহক কমিটির সদস্যরা হলেন:
তামিম ইকবাল (আহ্বায়ক), রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
ভিওডি বাংলা/জা







