• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যুদ্ধবিরতি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিল ইরান

ভিওডি বাংলা ডেস্ক    ৯ এপ্রিল ২০২৬, ১২:৪৬ এ.এম.
তেহরানের একটি মোড়। ফাইল ছবি

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান;  তিন পক্ষই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার বিষয়ে একমত হয়েছে ঠিকই, কিন্তু এর শর্তাবলী ও ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে চরম ধোঁয়াশা। চুক্তির প্রতিটি শর্ত নিয়ে পক্ষগুলো একে অপরের বিরোধী বক্তব্য দিচ্ছে, যা আসন্ন শান্তি আলোচনাকে খাদের কিনারে ঠেলে দিয়েছে।  শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে এই সংকট নিরসনে তিন পক্ষ আলোচনায় বসার কথা রয়েছে। তবে একটি বিষয়ে সবাই একমত, এই যুদ্ধবিরতি মানেই যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি নয়। 

তবে, লেবাননজুড়ে বুধবার (৮ এপ্রিল) ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলার মুখে ঘোষিত দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন উচ্চপদস্থ সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। 

ওই সূত্রটি জানিয়েছে, ইসরাইল যদি লেবাননে তাদের সামরিক অভিযান বন্ধ না করে, তবে ইরান এই চুক্তি আর মেনে চলবে না।

ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এই দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননের ‘ইসলামি প্রতিরোধ যোদ্ধাদের’ বিরুদ্ধে লড়াই বন্ধ রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বুধবার সকাল থেকেই ইসরাইলি বাহিনী লেবাননজুড়ে একের পর এক ‘বর্বরোচিত’ হামলা চালিয়ে এই চুক্তির নজিরবিহীন লঙ্ঘন করেছে। বর্তমানে তেহরান পুরো পরিস্থিতি পর্যালোচনা করছে এবং ইসরাইলি আগ্রাসন অব্যাহত থাকলে তারা আনুষ্ঠানিকভাবে চুক্তিটি বাতিলের ঘোষণা দিতে পারে।

ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুত, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননের ১০০টিরও বেশি স্থানে সমন্বিত বিমান হামলা চালানো হয়েছে। বর্তমান অভিযানের মধ্যে এটিই ছিল সবচেয়ে বড় ধরনের হামলা। 

মূলত গত ২রা মার্চ হিজবুল্লাহর একটি আন্তঃসীমান্ত হামলার পর থেকেই ইসরাইল লেবাননের অভ্যন্তরে বিমান ও স্থল অভিযান তীব্রতর করে। যদিও এর আগে ২০২৪ সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তবে তা মাঠ পর্যায়ে টেকসই হয়নি।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, ইসরাইলি এই অব্যাহত হামলায় এখন পর্যন্ত অন্তত ১,৫৩০ জন নিহত এবং ৪,৮১২ জন আহত হয়েছেন। যুদ্ধের ধ্বংসস্তূপের নিচে এবং বিধ্বস্ত জনপদে উদ্ধারকারীরা এখনও কাজ চালিয়ে যাচ্ছেন। 

এমতাবস্থায় ইরানের এই নতুন হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আবারও চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে, যা দুই সপ্তাহের সংক্ষিপ্ত শান্তি প্রক্রিয়াকে শুরুতেই বড় ধরনের হুমকির মুখে ফেলেছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা