হাম প্রতিরোধে ৩ দিনে লক্ষাধিক শিশুকে টিকা প্রদান

দেশের বিভিন্ন অঞ্চলে শিশুদের মধ্যে হামের প্রার্দুভাব বৃদ্ধি পাওয়ায় সরকার দ্রুত টিকাদান কর্মসূচি শুরু করেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত তিন দিনে ২ লাখ ২৮ হাজার ৪১৫ জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। এটি সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ১৯ শতাংশ।
টিকা কার্যক্রমটি দেশের ১৮টি ঝুঁকিপূর্ণ জেলার ৩০টি উপজেলায় পরিচালিত হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এই বিশেষ উদ্যোগ আগামী ২২ এপ্রিল পর্যন্ত ছয় বিভাগের ৩০ জেলায় মোট ১২ লাখ ৩ হাজার ২৬৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে চলছে।
বিশেষ উদ্যোগের আওতায় থাকা এলাকার মধ্যে উল্লেখযোগ্য: বরগুনা সদর ও পৌরসভা, পাবনা সদর, ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া, চাঁদপুর সদর ও হাইমচর, কক্সবাজারের মহেশখালী ও রামু, গাজীপুর সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌরসভা, নেত্রকোনার আটপাড়া, ময়মনসিংহ সদর, ত্রিশাল, তারাকান্দা, শ্রীনগর, রাজশাহীর গোদাগাড়ী, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, যশোর সদর ও পৌরসভা, মুন্সিগঞ্জ সদর, লৌহজং, মাদারীপুর সদর, ঢাকার নবাবগঞ্জ, ঝালকাঠির নলছিটি এবং শরীয়তপুরের জাজিরা।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় টিকা কার্যক্রম শুরু হবে। এছাড়াও ৩ মে থেকে দেশব্যাপী টিকাদান কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
মন্ত্রী আরও বলেন, “বিরতিহীনভাবে এই টিকা কার্যক্রম চালিয়ে যাব। জনস্বাস্থ্য ঠিক রাখার জন্য, এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখার জন্য এই কার্যক্রম গুরুত্বপূর্ণ।”
ভিওডি বাংলা/জা







