অপ্রিয় স্মৃতি সহজে লুকোনো সম্ভব

ফেসবুকের মেমোরিজ ফিচার অনেক সময় এমন স্মৃতি সামনে নিয়ে আসে যা ব্যবহারকারী দেখতে চায় না। পুরনো স্মৃতি কখনো আনন্দ দেয়, আবার কখনো অস্বস্তিও তৈরি করতে পারে। তবে কয়েকটি সহজ সেটিংস বদলালেই এসব স্মৃতি লুকানো বা পুরোপুরি বন্ধ রাখা সম্ভব।
ফেসবুক ব্যবহারকারীদের জন্য এটি একটি কাস্টমাইজেশন সুবিধা হিসেবে এসেছে। বিশেষ করে মোবাইল অ্যাপ থেকে খুব সহজেই মেমোরিজ নিয়ন্ত্রণ করা যায়।
প্রথমে আপনার ফোনে ফেসবুক অ্যাপ খুলতে হবে। এরপর ‘মেনু’ অপশনে যান- অ্যান্ড্রয়েডে সাধারণত ডান পাশে ওপরে এবং আইফোনে নিচের ডান পাশে দেখা যায়। সেখানে ‘Memories’ অপশনে ট্যাপ করুন। প্রবেশের পর ডান পাশে উপরের দিকে একটি গিয়ার আইকন থাকবে। সেটিতে ক্লিক করলে ‘Memories Settings’ খুলে যাবে।
এরপর ব্যবহারকারী আরও নির্দিষ্টভাবে স্মৃতি নিয়ন্ত্রণ করতে পারেন। উদাহরণস্বরূপ, নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে সম্পর্কিত স্মৃতি লুকানো যায়। এজন্য ‘People’ অপশনে গিয়ে সেই ব্যক্তির নাম লিখে দিতে হবে। একবার করা হলে, ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কিত কোনো স্মৃতি আর দেখা যাবে না। উল্লেখ্য, এতে সংশ্লিষ্ট ব্যক্তি কোনো নোটিফিকেশন পাবেন না।
ফেসবুকের ‘Dates’ অপশন ব্যবহার করে নির্দিষ্ট সময়ের স্মৃতিও লুকানো সম্ভব। ব্যবহারকারী চাইলে দিন, সপ্তাহ, মাস, বা পুরো বছরের সীমা নির্ধারণ করতে পারেন। এমনকি ১৯০০ সাল পর্যন্ত পেছনের স্মৃতিও নির্বাচন করা যায়। সময় নির্বাচন শেষে ‘Save’ বাটনে ক্লিক করলেই সেটিংস কার্যকর হয়।
প্রযুক্তি বিশ্লেষকরা মনে করেন, ব্যবহারকারীর মানসিক স্বস্তির কথা মাথায় রেখে এই ধরনের কাস্টমাইজেশন ফিচার গুরুত্বপূর্ণ। ডিজিটাল স্মৃতি সব সময় ইতিবাচক অভিজ্ঞতা নাও হতে পারে।
ফলে, ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী সেটিংস বদলিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অভিজ্ঞতাকে আরও স্বস্তিদায়ক করে তুলতে পারেন।
ভিওডি বাংলা/জা







