যুদ্ধবিরতিতে হতাশ পাহলভি, থামছে না উত্তেজনা

রাতভর উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। বুধবার এ সিদ্ধান্ত ঘোষণার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বশেষ শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানা গেছে।
রেজা পাহলভি বলেছেন, ইরানে তথাকথিত ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ ঘটেছে—যুক্তরাষ্ট্রের এমন দাবির সঙ্গে তিনি একমত নন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, একই নেতৃত্ব এখনো ক্ষমতায় রয়েছে, কেবল কিছুটা দুর্বল হয়েছে।
যুক্তরাষ্ট্রে বসবাসরত রেজা পাহলভি আরও বলেন, বর্তমান শাসনব্যবস্থার অবসান প্রয়োজন এবং সেটিকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে হবে।
রেজা পাহলভির বাবা মোহাম্মদ রেজা পাহলভি ১৯৭৯ সালের বিপ্লবে ইরানে ক্ষমতাচ্যুত হন। সেই সময় থেকেই পাহলভি পরিবার নির্বাসিত অবস্থায় রয়েছে।
অন্যদিকে, যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, লেবাননে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে নীতিগতভাবে সমর্থন জানালেও লেবাননকে এই চুক্তির আওতার বাইরে রাখা হয়েছে।
নেতানিয়াহুর মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূল লক্ষ্য হলো ইরানকে এমন অবস্থানে নিয়ে যাওয়া, যাতে দেশটি আর পারমাণবিক, ক্ষেপণাস্ত্র বা সন্ত্রাসী হুমকি তৈরি করতে না পারে।
ভিওডি বাংলা/আ






