ভারত থেকে আসছে ২শ’ ব্রডগেজ কোচ

বাংলাদেশ রেলওয়ের বহর সম্প্রসারণে বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভারত থেকে ২০০টি ব্রডগেজ কোচ সংগ্রহের মাধ্যমে রেলসেবার মানোন্নয়ন ও নতুন ট্রেন চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় ভারত থেকে এসব কোচ সরবরাহ শুরু হবে। ২০২৬ সালের জুন থেকে শুরু হয়ে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে ২০০টি ব্রডগেজ ক্যারেজ রেল বহরে যুক্ত হওয়ার আশা করা হচ্ছে।
ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লার এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা-কমলাপুর থেকে ফরিদপুর, রাজবাড়ী, মধুখালি ও বোয়ালমারী হয়ে গোপালগঞ্জ পর্যন্ত নতুন রেলপথে ট্রেন চালুর বিষয়ে পরিকল্পনা রয়েছে। তবে নতুন কোচ সরবরাহের ওপর নির্ভর করে রুট নির্ধারণ ও ট্রেন পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, নতুন কোচ যুক্ত হলে যাত্রীসেবা বাড়ানোর পাশাপাশি নতুন রুট চালু করা সহজ হবে। এতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও সহজ ও দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বর্তমান ট্রেন চলাচল পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে বনলতা এক্সপ্রেস ট্রেনটি সরাসরি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় চলাচল করছে। এছাড়া আন্তঃনগর চাঁপাইনবাবগঞ্জ শাটল-২-এর মাধ্যমে রাজশাহী হয়ে পদ্মা এক্সপ্রেসে ঢাকায় যাওয়ার সুযোগ রয়েছে।
তবে রেলের পশ্চিমাঞ্চলে এখনও বড় ধরনের সংকট রয়েছে বলে স্বীকার করেন মন্ত্রী। তিনি বলেন, ইঞ্জিন, কোচ ও জনবলের ঘাটতির কারণে ১৯টি মেইল ও কমিউটার ট্রেন এবং ২১টি লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি প্রতিদিন ৭ থেকে ৮টি মালবাহী ট্রেন পরিচালনায়ও বিঘ্ন ঘটছে।
ভিওডি বাংলা/জা







