• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পুরনো পথে ফিরলো বিচার বিভাগ, আলাদা সচিবালয় হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক    ৯ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে আলাদা সচিবালয় গঠনের যে উদ্যোগ নিয়েছিল- তা বাস্তবায়ন হচ্ছে না।  

অন্তর্বর্তী সরকারের আমলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের বিধান এবং স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার জন্য জারি করা অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে।  যদিও সংসদ অধিবেশনে এগুলো বাতিলের বিরুদ্ধে  অবস্থান নিয়েছিল বিরোধী দল।  

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিরোধী দলের আপত্তি নাকচ করে সংসদে ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল’ এবং ‘সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল’ পাস করা হয়।  এর ফলে বিচার বিভাগ আবার আগের অবস্থায় ফিরছে। 

যদিও সংসদে পাস হওয়া বিল রাষ্ট্রপতি সই করলে তা আইনে পরিণত হয়।  এরপর সরকার গেজেট জারি করে।  এ বিষয়ে এখন এতটুকু আনুষ্ঠানিকতা বাকি আছে মাত্র।

এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা এ–সংক্রান্ত তিনটি অধ্যাদেশ বাতিল হচ্ছে।  সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের আর কোনো আইন থাকছে না।  তবে ওই অধ্যাদেশের অধীনে ২৫ জন বিচারকের নিয়োগসহ যেসব ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে, সেগুলো বৈধ বলে গণ্য হবে।

আর সুপ্রিম কোর্ট সচিবালয়–সংক্রান্ত দুটি অধ্যাদেশ (সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও এর সংশোধনী অধ্যাদেশ) বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে ওই অধ্যাদেশের অধীনে প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত হবে। 

সুপ্রিম কোর্ট সচিবালয়ে ন্যস্ত বাজেট, গৃহীত প্রকল্প ও কর্মসূচি সরকারের আইন ও বিচার বিভাগের কাছে হস্তান্তরিত হবে এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য সৃজিত পদগুলো বিলুপ্ত হবে। 

সুপ্রিম কোর্ট সচিবালয়ে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের চাকরি আগে যে আইনে পরিচালিত হতো, আবার সে আইনের অধীনে ন্যস্ত ও পরিচালিত হবে।

অধ্যাদেশ দুটি বাতিল করতে আনা বিল পাসের বিরোধিতা করে বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়, সরকারের এই উদ্যোগ বিচার বিভাগের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। আবারও আগের মতো ফ্যাসিবাদী কায়দায় নিম্ন আদালতকে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। বিচার বিভাগের স্বাধীনতার চরম লঙ্ঘন করা হচ্ছে।

অন্যদিকে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সরকার বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। অধিকতর যাচাই–বাছাই করে পরে এ–সংক্রান্ত আইন প্রণয়ন করা হবে।

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদের সাউন্ড সিস্টেম নতুন নয়, মেরামত করা
সংসদের সাউন্ড সিস্টেম নতুন নয়, মেরামত করা
ভারত থেকে আসছে ২শ’ ব্রডগেজ কোচ
ভারত থেকে আসছে ২শ’ ব্রডগেজ কোচ
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চান বাগেরহাটের শাহিদা আক্তার
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চান বাগেরহাটের শাহিদা আক্তার