রাজশাহীর সেই স্বেচ্ছাসেবক নেতার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ধর্ষণের হুমকির অভিযোগে দায়ের করা মামলার প্রতিবাদে রাজশাহীতে স্বেচ্ছাসেবক দল নেতা মনিরুজ্জামান শান্তর পক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, অভিযুক্তের আত্মীয়-স্বজন ও স্থানীয়রা অংশ নেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজ।
বক্তারা দাবি করেন, মনিরুজ্জামান শান্তের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দায়ের করা হয়েছে এবং তিনি নির্দোষ। তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান। কর্মসূচি থেকে মামলার বাদী বিশ্ববিদ্যালয় ছাত্রীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়।
জানা যায়, মনিরুজ্জামান শান্ত রাজশাহী নগরের বোয়ালিয়া (পশ্চিম) থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তার বাড়ি বড়কুঠি এলাকায়। তিনি ও তার ভাই সেখানে একটি মোটরসাইকেল গ্যারেজ পরিচালনা করেন।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৩ বছর বয়সী এক শিক্ষার্থীর অভিযোগ, মোটরসাইকেল পার্কিংয়ের টিকিট নিতে অস্বীকৃতি জানালে গত শনিবার সন্ধ্যায় তাকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেন মনিরুজ্জামান। এ ঘটনায় পরদিন রোববার সকালে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়। মামলায় শান্ত ও তার ভাই শুভকে আসামি করা হয়েছে।
তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের দাবি, অভিযুক্তদের খুঁজে পাওয়া যাচ্ছে না।
এর আগে, গত বছরের ফেব্রুয়ারিতে এলাকায় একটি পূজামণ্ডপে হামলা ও ভাঙচুরের অভিযোগেও মনিরুজ্জামান শান্তর বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছিল। ওই মামলাতেও তাকে গ্রেপ্তার করা হয়নি।
ভিওডি বাংলা/মো. রমজান আলী/জা







