ভারত থেকে আসছে আরও ৮ হাজার টন ডিজেল

ভারত থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে পদ্মা অয়েল পিএলসির পার্বতীপুর ডিপোতে আরও ৮ হাজার টন ডিজেল আমদানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত সাড়ে ৫ হাজার টন ডিজেল এই পাইপলাইনের মাধ্যমে পৌঁছেছে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম এ তথ্যটি নিশ্চিত করেছেন।
রবিউল আলম বলেন, ‘দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করছে। এরই অংশ হিসেবে গত ৭ এপ্রিল মধ্যরাত থেকে আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়। এখন পর্যন্ত সাড়ে ৫ হাজার টন ডিজেল এসেছে। পাম্পিং চলমান রয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এই পাইপলাইনের মাধ্যমে ৮ হাজার টন ডিজেল সরবরাহ করা হবে। সরবরাহ কার্যক্রম চলমান থাকলে এটি ১১ এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।’
এর আগে ১১ ও ২৩ মার্চ ২ দফায় পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার করে মোট ১০ হাজার টন এবং ১ এপ্রিল ৭ হাজার টন ডিজেল দেশে এসেছে। এভাবে তিন দফায় মোট ১৭ হাজার টন ডিজেল বাংলাদেশে পৌঁছেছে।
ভিওডি বাংলা/এসআর







