সংরক্ষিত নারী আসনে যাদের বেছে নেবে বিএনপি, জানালেন রিজভী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে মনোনয়ন ফরম বিক্রি ও জমা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন, এবার সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের শাসনামলে নির্যাতনের শিকার নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় তিনি এসব তথ্য জানান।
রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আরও জানান, আওয়ামী লীগের শাসনামলে যারা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের মধ্য থেকেই সংরক্ষিত নারী আসনের প্রার্থী নির্বাচন করা হবে।
মনোনয়ন প্রক্রিয়ায় প্রার্থীদের বিভিন্ন যোগ্যতা বিবেচনায় নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। এর মধ্যে রয়েছে জুলাই আন্দোলনে ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং জাতীয় সংসদে কার্যকরভাবে বক্তব্য রাখার সক্ষমতা।
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি ও তাদের মিত্ররা মোট ৩৬টি আসন পাবে। এই জোটে রয়েছে গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি।
রিজভী বলেন, ‘বিরোধী দলে থাকার কারণে বিএনপির নারী নেত্রীদের কারাবরণসহ নানা ধরনের নির্যাতন সহ্য করতে হয়েছে। তাই দলীয় মনোনয়ন বোর্ড সব দিক বিবেচনা করে যোগ্য প্রার্থী নির্বাচন করবে—এটাই সবার প্রত্যাশা।’ একই সঙ্গে তিনি দলীয় সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান।
আগ্রহী প্রার্থীরা আগামী ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করতে হবে।
ভিওডি বাংলা/এমএস







