• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মোবাইল উদ্ধার করে টাকা চাইলেন লালবাগ থানার এএসআই

ইসমাইল হোসেন    ১০ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পি.এম.
এএসআই সজিব হোসেন। ছবি: সংগৃহীত

হারানো বা চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধারের পর তা ভুক্তভোগীদের ফিরিয়ে দিয়ে রীতিমতো ছবিসহ প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়ে থাকে পুলিশের দপ্তরগুলো। এই সেবা পুলিশের ভাবমূর্তিকে ইতিবাচকভাবে নাগরিকদের সামনে তুলে ধরে- এ কারণে এসব ঘটনা প্রচারের ব্যবস্থা করা হয়। কিন্তু খোদ ডিএমপির লালবাগ থানায় ঘটেছে উল্টো ঘটনা।  

থানাটিতে কর্মরত সজিব হোসেন নামের সহকারী উপপরিদর্শক (এএসআই) এক নারী শিক্ষার্থীর করা একটি সাধারণ ডায়েরির (জিডি) বিপরীতে হারানো মোবাইল উদ্ধারের পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ওই ছাত্রীকে থানায় ডেকে টাকা দাবি করেন। এর একটি রেকর্ড ভিওডি বাংলার কাছে এসেছে। ওই কথোপকথন এএসআই এবং ওই ভুক্তভোগী নারীর বলে নিশ্চিত হওয়া গেছে। 

সংশ্লিষ্ট অডিও রেকর্ড অনুযায়ী, প্রথমে এএসআই সজিব ভুক্তভোগীকে এক মধ্যস্থতাকারী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে বলেন। আলাপের একপর্যায়ে ভিকটিমের কাছে সরাসরি ২ হাজার ৭৮০ টাকা দাবি করে এসআই বলেন, যাদের মোবাইল উদ্ধার করেছি, খরচের বিষয়টি সবাই জানে। 

ভুক্তভোগী নারীর অভিযোগ, টাকা দাবি করা ছাড়াও ওই এএসআই তাকে একাধিকবার ফোন করে আপত্তিকর বিভিন্ন প্রশ্ন করেন, অশ্লীল ইঙ্গিত দেন। এতে ওই শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত। তিনি বলেন, সহায়তার আশায় থানায় গিয়েছিলাম, কিন্তু সেখানে হয়রানির শিকার হতে হয়েছে। 
 
এ বিষয়ে এএসআই সজিবকে ফোন করা হলে তিনি কথা বলতে রাজি হননি। ফোনে পাওয়া যায়নি থানাটির ওসিকে। তবে ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান ভিওডি বাংলাকে বলেন, মোবাইল উদ্ধার করে টাকা নেওয়ার নিয়ম নেই। কোনো এএসআই টাকা দাবি করে থাকলে আমি জেনে ব্যাবস্থা নেব। 

গত ৭ মার্চ লালবাগ থানায় ওই ছাত্রী একটি জিডি (নং-৩৯০) করেন। উল্লেখ করা হয়, ৬ মার্চ সকাল ১১টা ৫ মিনিটের দিকে লালবাগ থানাধীন হোসেন উদ্দিন খান ২য় লেন এলাকা থেকে তার ব্যবহৃত ‘ওপ্পো’ ব্র্যান্ডের একটি স্মার্টফোন হারিয়ে যায়। ফোনটির মূল্য প্রায় ৩২ হাজার টাকা।

কিছুদিন পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এএসআই সজিব হোসাইন ভুক্তভোগীকে ফোন দিয়ে জানান, মোবাইলটি উদ্ধার করা হয়েছে এবং সেটি নিতে থানায় আসতে হবে।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী থানায় গেলে এএসআই সজিব হোসেন টাকা দাবি করেন। 
 
এএসআই দাবি করেন, মোবাইলটি ডিএমপির বাইরে হবিগঞ্জ এলাকা থেকে চারবার চেষ্টার পর উদ্ধার করা হয়েছে, যার কারণে খরচ বেড়েছে।

ভিওডি বাংলা/আরআর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটপাত দখল করলে ট্রেড লাইসেন্স বাতিল
ডিএসসিসির গণবিজ্ঞপ্তি জারি ফুটপাত দখল করলে ট্রেড লাইসেন্স বাতিল
তেজগাঁও এলাকায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫১
তেজগাঁও এলাকায় বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫১
ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ ডিএসসিসির
ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ ডিএসসিসির