• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হরমুজ পার হওয়ার অনুমতি না পেয়ে শারজায় ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

ভিওডি বাংলা ডেস্ক    ১০ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পি.এম.
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির আংশিক উন্নতি হলেও জাহাজটি এখনো প্রণালি পার হতে পারেনি।

বিএসসি সূত্র জানায়, প্রায় ৪০ দিন আটকে থাকার পর যুদ্ধবিরতি কার্যকর হলে গত বুধবার সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে যাত্রা শুরু করে জাহাজটি। প্রায় ৪০ ঘণ্টা যাত্রার পর শুক্রবার সকালে প্রণালির কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে পারাপারের অনুমতি চাওয়া হয়। তবে তেহরান সেই অনুমতি দেয়নি। ফলে জাহাজটিকে ঘুরিয়ে নিরাপদে শারজায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, ইরানের নির্দেশনা অনুযায়ী অনুমতি চাওয়া হলেও তা প্রত্যাখ্যাত হয়েছে। কূটনৈতিকভাবে অনুমতি পাওয়ার চেষ্টা চলছে। বর্তমানে জাহাজটি হরমুজের নিকটবর্তী এলাকায় অবস্থান করছে এবং পরিস্থিতি বিবেচনায় শারজায় ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধনের সক্ষমতা থাকলেও ইঞ্জিন সচল রাখার কারণে রেশনিং করে দৈনিক ৬ টন পানি ব্যবহার করা হচ্ছে। নাবিকদের মনোবল ধরে রাখতে জনপ্রতি দৈনিক খাবারের বরাদ্দ ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে। পাশাপাশি বেসিক বেতনের সমপরিমাণ অতিরিক্ত ভাতা দেওয়া হচ্ছে।

বিএসসির তথ্য অনুযায়ী, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে জাহাজটি। পরে কাতার থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছে।

১১ মার্চ জেবেল আলীতে পণ্য খালাস শেষে কুয়েতে নতুন পণ্য বোঝাইয়ের পরিকল্পনা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে জাহাজটিকে নিরাপদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জাতীয় সংসদে পাস
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জাতীয় সংসদে পাস
তিমি-হাঙরের ‘মেন্যু’ দিয়ে চিফ হুইপের মজার আমন্ত্রণ
সংসদে মধ্যাহ্নভোজের দাওয়াত তিমি-হাঙরের ‘মেন্যু’ দিয়ে চিফ হুইপের মজার আমন্ত্রণ
বিএনপি কখনো নির্বাচনকে ভয় পায় না: আবদুস সালাম
বিএনপি কখনো নির্বাচনকে ভয় পায় না: আবদুস সালাম