শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে শেরপুর ও বগুড়ার দুই আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।
রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের পঞ্চম তলায় স্পিকারের কক্ষে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ নবনির্বাচিত শেরপুর-৩ আসনের মো. মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের রেজাউল করিম বাদশাকে শপথ বাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ নূরুল ইসলাম মনি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন।
শপথ গ্রহণ শেষে দুই সংসদ সদস্য রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন এবং স্পিকারের সঙ্গে করমর্দন করেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শেরপুর-৩ আসনে এক বৈধ প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করা হয়।
এদিকে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিজয়ী তারেক রহমান বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচনের প্রয়োজন হয়। পরবর্তীতে গত ৯ এপ্রিল শেরপুর-৩ আসনে স্থগিত নির্বাচন এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন গতকাল বিজয়ী দুই প্রার্থীর গেজেট প্রকাশ করে।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেন। সে সময় বিগত সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
সব মিলিয়ে এখন পর্যন্ত ২৯৮ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল গণনা সম্পন্ন হলেও আদালতের নির্দেশনার কারণে তা এখনো ঘোষণা করা হয়নি। প্রার্থিতা সংক্রান্ত মামলার নিষ্পত্তির পর ওই দুই আসনের ফলাফল ঘোষণা করা হবে।
ভিওডি বাংলা/জা







