• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকারের বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ ১১ দলীয় ঐক্যের

নিজস্ব প্রতিবেদক    ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৭ পি.এম.
সংগৃহীত ছবি

বিএনপি সরকারের বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ এনে জামায়াতের জ্যেষ্ঠ নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেন, ক্ষমতায় গেলে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে—বিএনপি নির্বাচনের আগে এমন ওয়াদা করেছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর ‘জাতীয়তাবাদী ফ্যাসিস্ট সরকার’ হওয়ার চেষ্টা করছে দলটি।

গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১-দলীয় ঐক্য’ ঘোষিত গণমিছিলের আগে শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর বিজয়নগরে সংক্ষিপ্ত সমাবেশে এ অভিযোগ করেন আজহারুল।

তিনি আরও বলেন, ‘সংসদে জ্বালানিমন্ত্রী বলেন দেশে জ্বালানির কোনো সংকট নেই। সংকট না থাকলে স্কুল ও সরকারি অফিসে কর্মঘণ্টা কমানো হলো কেন? হাজার হাজার মানুষ তেলের জন্য পাম্পে লম্বা লাইন দিচ্ছে কেন। এই সংকট তারা (মন্ত্রীরা) দেখেন না। তারা তখন দেখতে পারবেন, যখন জনরোষে পড়বেন।’

পরিবর্তনের ভাষা না বুঝলে সামনের আন্দোলনে বিএনপির পরিণতি আওয়ামী লীগের চেয়েও খারাপ হবে বলেও মন্তব্য করেন জামায়াত নেতা আজহার। তিনি বলেন, বিএনপি সরকারের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া শুরু করেছে।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক এনামুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, এবি পার্টির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ।

সভাপতিত্ব করেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। সঞ্চালক ছিলেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। সমাবেশের পর বিজয়নগর থেকে গণমিছিল বের করা হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ও কাকরাইল হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হয়।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এনসিপিতে কেন যাচ্ছেন না রুমিন ফারহানা
এনসিপিতে কেন যাচ্ছেন না রুমিন ফারহানা
বিএনপির কিছু কর্মী ‘কুলাঙ্গার’ অর্থ বোঝেনি:  রাশেদ প্রধান
বিএনপির কিছু কর্মী ‘কুলাঙ্গার’ অর্থ বোঝেনি:  রাশেদ প্রধান
গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি কাজ করছে: ফারুক
গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি কাজ করছে: ফারুক