দেশজুড়ে কয়েক ঘণ্টার ব্যবধানে ৫ জেলায় ১১ মরদেহ উদ্ধার

সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের অন্তত পাঁচটি জেলা-নওগাঁ, কক্সবাজার, টাঙ্গাইল, খুলনা ও সিরাজগঞ্জ-থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একাধিক ঘটনায় হত্যাকাণ্ডের অভিযোগ উঠলেও কিছু মৃত্যু রহস্যজনক হিসেবে তদন্তাধীন রয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) পুলিশ জানিয়েছে, প্রতিটি ঘটনার আলাদা তদন্ত চলছে এবং ময়নাতদন্ত রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নওগাঁ: একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ঘটে দেশের অন্যতম নৃশংস ঘটনা। সেখানে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতরা হলেন-বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), হাবিবুরের স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং ৩ বছরের মেয়ে সাদিয়া আক্তার।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানায়, ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে তাদের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। জমি নিয়ে বিরোধের জেরে এমন হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিহত পপি আক্তারের বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, আমার মেয়ে, জামাই, নাতি-নাতনিকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪ জনের মরদেহ পাওয়া যায়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
কক্সবাজার: গহীন পাহাড়ে তিন যুবকের রক্তাক্ত মরদেহ
টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা: আমিনুল ইসলাম রবি (১৯), মুজিবুর রহমান (৩৮) ও নুর বশর (২০)
স্থানীয়রা সকালে পাহাড়ে কাজ করার সময় মরদেহগুলো দেখতে পান। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে।
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই এলাকায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন বলেও জানা গেছে।
পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা-তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

টাঙ্গাইল: মাটি খুঁড়ে উদ্ধার মা ও নবজাতকের মরদেহ
টাঙ্গাইলের মির্জাপুরে এক হৃদয়বিদারক ঘটনায় মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে এক নারী ও তার নবজাতকের মরদেহ।
স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে প্রথমে সন্দেহ করেন। পরে মাটি খুঁড়ে মরদেহ দুটি পাওয়া যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী প্রায় সাত মাসের গর্ভবতী ছিলেন এবং প্রসবের পর তাদের হত্যা করে মাটিচাপা দেওয়া হয়।
এ ঘটনায় পরিচয় শনাক্তের কাজ চলছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
খুলনা: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকা থেকে নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত: উৎস রায় (বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী)
পুলিশের প্রাথমিক ধারণা, তিনি মানসিক চাপ ও হতাশায় আত্মহত্যা করতে পারেন। তবে পরিবার ও বন্ধুদের বক্তব্য যাচাই করা হচ্ছে।
ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও শোকের ছায়া নেমে এসেছে।

সিরাজগঞ্জ: নদীর পাশে অটোভ্যান চালকের মরদেহ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীর পাশে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত: জাহের আলী আকন্দ (৬৫) পরিবারের দাবি, তিনি সন্ধ্যায় ভ্যান নিয়ে বের হয়ে আর ফেরেননি। সকালে নদীর ধারে মরদেহ পাওয়া যায়।
মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড-তা খতিয়ে দেখা হচ্ছে।
সিরাজগঞ্জে ফুলজোড় নদীর পাশে উদ্ধার করা হয় ভ্যানচালকের মরদেহ।
সব ঘটনায় স্থানীয় থানা পুলিশ ও জেলা প্রশাসন আলাদা আলাদা তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, কিছু ঘটনায় প্রাথমিকভাবে হত্যার আলামত পাওয়া গেছে, আবার কিছু ঘটনা রহস্যজনক।
একাধিক জেলা থেকে একসাথে মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং দ্রুতই ঘটনার রহস্য উদঘাটন করা হবে।
ভিওডি বাংলা/জা







