তোমার বাবা-মা যেখানে থাকে, সেখানেও ছাত্রদল আছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারকে লক্ষ্য করে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “তোমার বাবা-মা যেখানে থাকে, সেখানেও ছাত্রদল রয়েছে,”-এভাবে আম্মারকে সতর্ক করেন তিনি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে রাকিবুল ইসলাম রাকিব ছাত্রদলের সাংগঠনিক বিস্তারের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় বা স্থানীয় ইউনিট নয়, দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর ও উপজেলায় ছাত্রদলের শক্তিশালী উপস্থিতি রয়েছে।
পোস্টে রাকিব বলেন, দীর্ঘ সময় ধরে ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিল এবং নানা নির্যাতনের শিকার হয়েছে। তাদের ‘মজলুম’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে আবির্ভূত কিছু ব্যক্তি এসব ত্যাগী কর্মীদের নিয়ে অশালীন ভাষায় মন্তব্য করছেন।
তিনি আরও দাবি করেন, সালাউদ্দিন আম্মার নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও আপত্তিকর মন্তব্য করে যাচ্ছেন, যা ক্যাম্পাসের পরিবেশকে অস্থির করে তুলছে। একই সঙ্গে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রসমাজের প্রতি আহ্বান জানান, এ ধরনের আচরণের বিষয়ে সচেতন থাকার জন্য।
এ প্রসঙ্গে রাকিবুল ইসলাম রাকিব আরও লেখেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। তার মতে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে থাকলেও নতুন করে উসকানিমূলক বক্তব্য দিয়ে তা অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
রাকিবের ওই পোস্টের জবাব দিয়েছেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মারও। তিনি ফেসবুকে রাকিবের পোস্ট শেয়ার করে নিজের অবস্থান তুলে ধরেন।
আম্মার লেখেন, “ওপরে আল্লাহ আর নিচে আমি। এর মাঝে আর বিন্দুপরিমাণ ভয় নেই রাকিব সাহেব।” তিনি আরও বলেন, “আল্লাহর জিনিস আল্লাহ সময়মতো নিয়ে যাবেন। আপনারও বয়স হয়েছে, এই বয়সে এসে জালিমের খাতায় নাম না উঠুক।”
পোস্টের শেষাংশে তিনি সবার জন্য শুভবোধ ও সুস্থ চিন্তার আহ্বান জানান।







