ইরানের জন্য স্থল ট্রানজিট খুলে দিল পাকিস্তান

যুদ্ধ পরিস্থিতি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপের মধ্যে থাকা ইরানের জন্য স্থলপথে বাণিজ্য ও ট্রানজিট সুবিধা উন্মুক্ত করেছে পাকিস্তান। নতুন এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে এখন ইরানের পণ্য পরিবহন ও আঞ্চলিক বাণিজ্য সহজ হবে বলে জানা গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল–জাজিরার বরাতে জানা যায়, এই পদক্ষেপ ইরানের অর্থনীতির ওপর চলমান চাপ কিছুটা হলেও কমাতে সহায়ক হবে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিশেষ করে সমুদ্রপথে বিভিন্ন সীমাবদ্ধতা ও অবরোধের মধ্যে বিকল্প বাণিজ্য পথ তৈরি হওয়ায় তেহরান কিছুটা স্বস্তি পেতে পারে।
পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের অংশ হিসেবে এই ট্রানজিট সুবিধা দেওয়া হয়েছে। এর আগে নৌপথেও ইরানের জন্য নতুন করিডর চালুর উদ্যোগ নেয় ইসলামাবাদ।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক নয়, বরং ভূরাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের পাশে পাকিস্তানের এমন অবস্থান ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের কূটনৈতিক সম্পর্কে নতুন চাপ তৈরি করতে পারে।
অন্যদিকে পাকিস্তান যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র হওয়ায় বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপ আঞ্চলিক বাণিজ্য সচল রাখতে সহায়তা করলেও ভবিষ্যতে কূটনৈতিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে।
ভিওডি বাংলা/জা







