• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নতুন এক লাখ স্বাস্থ্যকর্মীর ৮০ শতাংশই হবে নারী: প্রধানমন্ত্রী

   ২ মে ২০২৬, ০৭:১৪ পি.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, যার ৮০ শতাংশই নারী হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শহরের মানুষ কিছুটা চিকিৎসাসেবা পেলেও গ্রামের অধিকাংশ এলাকায় এখনো মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছায়নি।

শনিবার (০২ মে)  সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, জলাবদ্ধতা নিরসন, সড়ক ও রেল যোগাযোগ উন্নয়ন, খাল খননসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে। 

তিনি বলেন, “দেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছি। এই ১ লাখের মধ্যে ৮০ শতাংশ থাকবে নারী স্বাস্থ্যকর্মী। এই মানুষগুলোর দায়িত্ব হবে গ্রামে গ্রামে, ঘরে ঘরে যাওয়া। শহরেও তারা থাকবে। তবে আমরা জোর দেব, গ্রামের মানুষের ওপরে বেশি। তারা বিশেষ করে পরিবারের নারীদের কাছে গিয়ে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা চালাবে।”

তিনি আরও বলেন, স্বাস্থ্যকর্মীরা সাধারণ মানুষকে খাদ্যাভ্যাস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি রোগসহ বিভিন্ন বিষয়ে সচেতন করবে এবং স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

তারেক রহমান বলেন, “আমরা চাচ্ছি ধীরে ধীরে সামগ্রিকভাবে পুরা দেশে অসুস্থ যত বেশি সংখ্যক মানুষকে সুস্থ রাখা। তার ফলে স্বাভাবিকভাবে যারা হাসপাতালে আসবে, পরবর্তী সময়ে অসুস্থ হয়ে তাদের যাতে বেটার চিকিৎসা দেওয়া যায়। অসুস্থ মানুষের সংখ্যা যখন কম হবে, আমাদের জন্য সুবিধা হবে টেককেয়ার করতে। আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, সচেতনতার মাধ্যমে আমরা যদি অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে পারি, তাহলে যারা অসুস্থ হবেন তারা বেটার সার্ভিস পাবেন।”

হাওরাঞ্চল ও সিলেট অঞ্চলের কৃষি ক্ষতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি সিলেট, চট্টগ্রামসহ বিভিন্ন শহরের জলাবদ্ধতা সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলেও তিনি জানান। 

তিনি বলেন, “বৃষ্টি কারও জন্য সুবিধা, কারও জন্য অসুবিধা। এই বৃষ্টির কারণে দেখেছি বিভিন্ন জায়গায় একটু একটু করে পানি জমে গিয়েছে এবং বৃষ্টি যদি আরেকটু বেশি হয়, হয়তো অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়ে যাবে। তবে কিছুদিন আগে চট্টগ্রামের কিছু নিউজ এসেছিল। যদিও সেটার মধ্যে পরে আমরা দেখেছি, পুরোপুরি সত্যতা ছিল না। যাই হোক, আমরা দেখেছি যে অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতা।”

সুপেয় পানির সংকট ও ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে পানির সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, “আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যেটা আছে, সেটা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। এই সকল কিছু বিষয় মাথার মধ্যে রেখে বিবেচনা করে আমরা খাল খনন কর্মসূচি সারা দেশে দিয়েছি।”

নদীদূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন নদীতে পলিথিন ও প্লাস্টিক জমে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। এ বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি এবং স্কুল পর্যায়ে পরিবেশ শিক্ষা চালুর ওপর গুরুত্ব দেন।

তারেক রহমান বলেন, “বুড়িগঙ্গা নদীর পানি অসম্ভব রকম বিষাক্ত হয়ে গিয়েছে। এভাবে যদি সব নদী বিষাক্ত হতে থাকে, তাহলে একটা অসম্ভব ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা ধাবিত হচ্ছি।”

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সিলেট-ঢাকা সড়কপথে দীর্ঘ সময় লাগছে, যা সমাধানে সরকার কাজ করছে। পাশাপাশি রেলপথ উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, সড়ক সম্প্রসারণের পাশাপাশি রেল যোগাযোগ উন্নত করা গেলে পরিবহন ব্যয় কমবে এবং চাপও কমবে। তবে কৃষিজমি রক্ষার বিষয়টিও গুরুত্ব দিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

তারেক রহমান জানান, সিলেট মেডিকেল কলেজ হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ধাপে ধাপে ১২০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া সিলেটের আইটি পার্ক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা তরুণদের কর্মসংস্থানে ভূমিকা রাখবে।

বন্ধ কলকারখানা চালুর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে বেসরকারি খাতে হস্তান্তরের মাধ্যমে উৎপাদন সচল করা হবে এবং দেশে-বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা হবে।

তিনি বলেন, “আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই কলকারখানাগুলোকে যত দ্রুত সম্ভব চালু করব। যদি দরকার হয় আমরা প্রাইভেটাইজ করব সেগুলোকে।”

তারেক রহমান আরও বলেন, “দেখুন আড়াই মাস বয়সে একটি শিশু কিন্তু হাঁটতে পারে না। শিশুটাকে হাঁটতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হয়। বর্তমান সরকারের বয়স আড়াই মাসের মতো। তবে আমরা এরই মধ্যে যেসব কমিটমেন্ট দেশের মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, সেই কমিটমেন্টগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি।”

অনুষ্ঠানে তিনি নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির উদ্বোধন নিয়েও কথা বলেন। তার মতে, এ উদ্যোগের মাধ্যমে দেশের নতুন প্রজন্মের মধ্য থেকে ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরি হবে, যারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনবে।

এর আগে সকালে তিনি সিলেট পৌঁছে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং পরে সুরমা নদীর পাড়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

ভিওডি বাংলা/আরকেএইচ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আত্মপ্রকাশ করলো জেডিপির সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রমঞ্চ’
আত্মপ্রকাশ করলো জেডিপির সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রমঞ্চ’
প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে তনু হত্যা মামলার জট খুলছে : আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে তনু হত্যা মামলার জট খুলছে : আইনমন্ত্রী