• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা সম্মিলিত উদ্যোগেই উন্নত হবে ময়মনসিংহের ছয় জেলা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব ইরাকে আবার ফ্লাইট চালু করছে কাতার এয়ারওয়েজ বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: আসামি লামিন কারাগারে জয়ের আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হারল বাংলাদেশ ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাই

আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের

আহসান হাবিব    ২ মে ২০২৬, ০৯:৩৬ পি.এম.
ফাইল ছবি

বিএনপি সরকার গঠনের পর থেকেই আলোচনায় রয়েছে অঙ্গ ও সহযোগী সংগঠনের পুনর্গঠন। তবে কোন পদ্ধতিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে, তা নিয়ে রয়েছে কৌতূহল ও নানান মত। বিশেষ করে আলোচনায় রয়েছে মেয়াদোত্তীর্ণ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি। আর যুবদল কমিটির মেয়াদ এক বছর বাকি থাকলেও তা পুনর্গঠনের দাবি উঠেছে অঙ্গসংগঠনটির ভেতর থেকেই।

এসব সহযোগী ও অঙ্গসংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি নিয়ে জোর আলোচনা আছে। কেউ বলছেন, প্রচলিত কাউন্সিল বা সিলেকশনের কথা। কেউ বলছেন, ত্যাগীদের মূল্যায়ন ও মেধাবীদের সামনে আনতে বিশেষ একটি স্বাধীন কমিশন গঠনের কথা, যার মাধ্যমে পুরনো ব্যর্থতা এবং সফলতা মূল্যায়নের চুলচেরা বিশ্লেষণ ও জবাবদিহিতার পথ তৈরি হবে। কিন্তু দলটির শীর্ষ সারির একাধিক নেতা বলছেন, ‘কমিশন গঠনের প্রয়োজনীয়তা নেই’।

তবে সব মত ও পথের মধ্যে সবারই একই কথা—তা হচ্ছে, দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। তার কথাই হবে শেষ কথা।

তবে সব পক্ষের অভিন্ন দাবি—একটি সিন্ডিকেটমুক্ত গ্রহণযোগ্য ও শক্তিশালী সংগঠন গড়ে তোলা এবং নেতৃত্ব নির্বাচনে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

দীর্ঘদিনের স্থবিরতা কাটাতে একটি স্বাধীন কমিশন গঠনের দাবি তুলেছে সংশ্লিষ্টদের বড় একটি অংশ। তাদের মতে, নিরপেক্ষ মূল্যায়ন ছাড়া কার্যকর ও গ্রহণযোগ্য নেতৃত্ব গঠন সম্ভব নয়। আরেকটি অংশ এখনো আগের সিলেকশন পদ্ধতির পক্ষে।

এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ভিওডি বাংলাকে বলেন, ‘বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো সুনির্দিষ্ট ঘোষণাপত্র, গঠনতন্ত্র অনুসরণ করেই পরিচালিত হয়ে আসছে। ঘোষণাপত্র ও গঠনতন্ত্র সময়োপযোগী করার জন্য কখনো কখনো সংশোধিত হয়েছে। সে কারণে কমিশনের কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না।’

২০২৪ সালে মো. রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাসির উদ্দিন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কমিটি গঠিত হয় দুই বছর মেয়াদে—যা ইতোমধ্যে শেষ হয়েছে।

২০২২ সালের ৪ সেপ্টেম্বর এস এম জিলানীকে সভাপতি ও রাজিব আহসানকে সাধারণ সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের তিন বছর মেয়াদে কমিটি গঠিত হয়—যার মেয়াদও শেষ।

২০২৪ সালের ১০ জুলাই আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদে গঠিত হয় যুবদলের কমিটি। যার পূর্ণাঙ্গ কমিটি এখনো ঘোষণা হয়নি।

ছাত্রদলের সাবেক একজন সভাপতি বলেন, নব্বইয়ের দশকে জাতীয়তাবাদী ছাত্রদলের যে গ্রহণযোগ্যতা ছিল, তা ধীরে ধীরে হ্রাস পেয়েছে। বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনেও ছাত্রদল ক্যাম্পাসমুখী হতে পারেনি। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে করুণ পরিণতির গভীর বিশ্লেষণ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমাদের দরকার এমন ছাত্রনেতা, যারা অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে পারবে এবং কার্যকর কাউন্টার ন্যারেটিভ দিতে সক্ষম হবে। বাস্তবতা হলো, আমরা ছাত্র সংসদ নির্বাচনে হেরেছি। শিক্ষার্থীদের সমর্থন পুনরুদ্ধারে মেধাবী, সৃজনশীল ও গ্রহণযোগ্য নেতৃত্ব দরকার।’

এদিকে স্বাধীন কমিশন যারা চাচ্ছেন, তাদের যুক্তি হচ্ছে—দীর্ঘদিন ধরে অনেক জেলা কমিটি স্থবির হয়ে আছে। নেতৃত্ব নির্বাচনে ‘সিন্ডিকেট’ প্রভাবের অভিযোগ রয়েছে। ছাত্র সংসদ নির্বাচনে পরাজয়ের কারণও বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আর এ কারণে একটি স্বাধীন কমিশন গঠন জরুরি। পাশাপাশি তৃণমূলের কর্মীদের মূল্যায়ন না হওয়া এবং সাংগঠনিক জবাবদিহিতার ঘাটতির কথাও উঠে এসেছে কমিশন গঠনের পক্ষে থাকা নেতাকর্মীদের ভাষ্যে। তারা বলছেন, অনেক জেলায় পাঁচ থেকে আট বছর ধরে একই কমিটি বহাল রয়েছে, যা সংগঠনের গতি কমিয়ে দিচ্ছে।

তবে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাছির বলেন, ‘আমাদের কমিটির মেয়াদ শেষ হয়েছে। ২০১৯ সালের কাউন্সিলে কাউন্সিলররা সংগঠনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দলের চেয়ারম্যান তারেক রহমানকে দিয়েছেন। তিনি চাইলে যে কোনো সময় নতুন কমিটি হবে।’

কমিশন প্রসঙ্গে ছাত্রদলের এই নেতা বলেন, ‘এটি নিষ্প্রয়োজন। এতে সংগঠনের ঐতিহ্য থাকে না। কাউন্সিল বা সিলেকশন—এই দুই প্রক্রিয়ার যেকোনো একটিতে কমিটি হলেই সংগঠন শক্তিশালী হবে।’

আর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেন, দমন-পীড়নের মধ্যেও ছাত্রদল সক্রিয় ছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে এমন নেতৃত্ব প্রয়োজন—যারা অপপ্রচারের জবাব দিতে পারবে এবং শিক্ষার্থীদের আস্থা পুনরুদ্ধার করতে সক্ষম হবে।

আরেক ছাত্রদল নেতা শরীফ শুভ বলেন, দেশপ্রেমিক, সৎ, উদ্যমী ও সাহসী শিক্ষার্থীদের জন্য ছাত্রদল অপেক্ষা করছে, যারা রাষ্ট্রের স্থিতিশীলতা, আইনের শাসন ও সুশাসনে বিশ্বাসী।

ছাত্রদলের সহ-সভাপতি সাফি ইসলাম বলেন, আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ও সংগঠনকে ধারণ করে—এমন ব্যক্তিদেরই নেতৃত্বে আসা উচিত। বাইরে থেকে কাউকে বসিয়ে দিলে সংগঠন সক্রিয় থাকে না।

তবে ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা অভিযোগ করেন, ‘বর্তমান কমিটি কিছু কলেজ ও বিশ্ববিদ্যালয় কমিটি দিলেও অধিকাংশ জেলা কমিটি দিতে পারেনি। ফলে বহু জেলায় পুরনো কমিটি বহাল রয়েছে।’ তিনি দাবি করেন, একটি সিন্ডিকেট নিজেদের বলয়ে কমিটি নিতে চায়। নিজেদের দেওয়া কমিটির মাধ্যমে কাউন্সিল হলে নেতৃত্ব কুক্ষিগত করার সুযোগ তৈরি হয়।

এদিকে ঢাকা মহানগর ছাত্রদলকে চার ভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ রয়েছে। একটি পক্ষের দাবি, এতে সংগঠনের ঐতিহ্য ক্ষুণ্ন হয়েছে। তারা মহানগরকে ফের দুই ভাগে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

অন্যদিকে, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, দলের চেয়ারম্যান যাকে দায়িত্ব দেবেন, সংগঠনের সবাই সেটি মেনে নেবেন।

স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, গত ১৭ বছরের আন্দোলনে যারা সাহসী ভূমিকা রেখেছেন, নেতৃত্ব নির্বাচনে তাদের মূল্যায়ন করা হবে—এটাই তাদের প্রত্যাশা।

এদিকে যুবদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হতে এখনো এক বছরের বেশি বাকি। তবুও সম্ভাব্য নেতারা নতুন কমিটি গঠনের দাবিতে সক্রিয় হয়ে উঠছেন। একাংশ মনে করছে, নতুন নেতৃত্ব সংগঠনকে আরও গতিশীল করবে। আরেক অংশ বলছে, নির্ধারিত সময়ের আগে কমিটি পরিবর্তন করলে ধারাবাহিকতা নষ্ট হতে পারে এবং চলমান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা আছে।

সব মিলিয়ে কমিশনের মাধ্যমে নতুন কাঠামো নাকি প্রচলিত পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন—এই সিদ্ধান্তই নির্ধারণ করবে সংগঠনগুলোর ভবিষ্যৎ শক্তি, গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক কার্যকারিতা, এমন কথাই বলছেন বিশ্লেষকেরা।

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্ডারওয়ার্ল্ডে আধিপত্যের দ্বন্দ্ব, পুরনো বিরোধে বাড়ছে প্রকাশ্যে খুন
আন্ডারওয়ার্ল্ডে আধিপত্যের দ্বন্দ্ব, পুরনো বিরোধে বাড়ছে প্রকাশ্যে খুন
এক মিনিটের মিশনে স্তব্ধ আন্ডারওয়ার্ল্ড, আলোচনায় জোসেফের নাম
এক মিনিটের মিশনে স্তব্ধ আন্ডারওয়ার্ল্ড, আলোচনায় জোসেফের নাম
ইরানের নতুন শান্তি প্রস্তাবে বদলাচ্ছে কি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ?
মস্কো-ওয়াশিংটনে নতুন সমীকরণ ইরানের নতুন শান্তি প্রস্তাবে বদলাচ্ছে কি মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ?