• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএসসিসির মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক    ৪ মে ২০২৬, ০২:০৭ পি.এম.
ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএসসিসির মতবিনিময় সভা। ছবি: ভিওডি বাংলা

এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদার করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে কেন্দ্রীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৪ মে) রাজধানীর নগর ভবন অডিটরিয়ামে আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

সভায় গত এক বছরের মশক নিয়ন্ত্রণ কার্যক্রম উপস্থাপন করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, কার্যকর স্প্রে কার্যক্রম এবং মাঠপর্যায়ে কাজের গতি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ডিএসসিসি জানায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন সকালে ৭ জন মশককর্মী দ্বারা লার্ভিসাইডিং এবং বিকালে ৬ জন মশককর্মী দ্বারা এডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মপরিকল্পনা অনুযায়ী, এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বিশেষজ্ঞদের মাধ্যমে অঞ্চলভিত্তিক মশককর্মীদের ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া প্রশাসকের সভাপতিত্বে সুশীল সমাজ, স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর, কীটতত্ত্ববিদ, ওয়াসা, রেলওয়ে, বিভিন্ন মন্ত্রণালয়, রিহ্যাব, রাজউক, পিডব্লিউডি, ডিএমপি, বিজিবি, কারা অধিদপ্তর, বিশ্ববিদ্যালয়, এনজিও ও গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে ধারাবাহিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এডিস মশার লার্ভার ঘনত্ব নিরূপণ এবং ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে বছরে তিন দফা জরিপ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাক-বর্ষা (এপ্রিল-মে), বর্ষাকালীন (জুলাই-আগস্ট) এবং বর্ষা-পরবর্তী (অক্টোবর-নভেম্বর) সময়ে এসব জরিপ পরিচালনা করা হবে এবং পর্যায়ক্রমে ফলাফল প্রকাশ করা হবে।

এছাড়া আষাঢ় ও ভাদ্র মাসের শুরুতে ডিএসসিসির আওতাধীন সকল স্থাপনা, নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, থানা-পুলিশ ফাঁড়ি, হাসপাতালসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও মশক নিধনে চিরুনি অভিযান পরিচালনা করা হবে। এ কার্যক্রমে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে সমন্বয় করা হবে।

সভায় আরও জানানো হয়, ছাদ বাগানে জমে থাকা পানিতে যাতে এডিস মশার বংশবিস্তার না হয়, সে বিষয়ে মালিকদের সচেতন ও উদ্বুদ্ধ করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, নিয়মিত তদারকি এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

ভিওডি বাংলা/খতিব/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিডিপিতে পর্যটন খাতের অবদান ৭ শতাংশে উন্নীত করতে চাই: পর্যটনমন্ত্রী
জেলা প্রশাসক সম্মেলন ২০২৬ জিডিপিতে পর্যটন খাতের অবদান ৭ শতাংশে উন্নীত করতে চাই: পর্যটনমন্ত্রী
সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
পুলিশের পোশাক পরিবর্তন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশের পোশাক পরিবর্তন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী