হাজিরা খাতায় স্বাক্ষর, শ্রেণিকক্ষে নেই শিক্ষক ও এমপির ক্ষোভ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বানিয়াগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে এক শিক্ষকের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
সোমবার (৪ মে) দুপুরে স্থানীয় সূত্র ও দলীয় নেতা-কর্মীদের বরাতে জানা যায়, বিদ্যালয়টি পরিদর্শনে যান এমপি হিলালী।
এসময় বিদ্যালয়ের ৬ জন শিক্ষকের মধ্যে একজন ছুটিতে থাকলেও উপস্থিত থাকার কথা ছিল ৫ জনের। কিন্তু সরেজমিনে পাওয়া যায় মাত্র ৪ জন শিক্ষককে।
আরও আশ্চর্যের বিষয় হলো, হাজিরা খাতায় স্বাক্ষর থাকা সত্ত্বেও হেলেনা আক্তার ডলি নামের এক শিক্ষিকাকে বিদ্যালয়ে পাওয়া যায়নি।
বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে এনে ক্ষোভ প্রকাশ করেন এমপি এবং পরিদর্শন খাতায় তা লিপিবদ্ধ করেন।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের কাছেই ওই শিক্ষিকার নানাবাড়ি থাকায় তিনি প্রায়ই বিদ্যালয় চলাকালীন সময় বাইরে চলে যান, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ রয়েছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার আকন্দের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এমপি মহোদয় আসার সময় সহকারী শিক্ষিকা হেলেনা আক্তার ডলি স্কুলে উপস্থিত ছিলেন না, তবে তিনি সকালে আমাদের সঙ্গে সে ক্লাস নিয়েছিলেন। তিনি স্কুলের বাহিরে যাওয়ার সময় আমাকে বলে যায়নি। এবং এমপি মহোদয় স্কুলে কিছুক্ষণ সময় অপেক্ষা করে চলে যাওয়ার সময় গাড়িতে যখন উঠেন, তখন ওই শিক্ষিকা স্কুলে আসেন তখন আমি নিজে ওই শিক্ষিকাকে এমপি মহোদয়র সঙ্গে পরিচয় করে দেই। কিন্তু এর আগেই এমপি মহোদয় পরিদর্শন খাতায় শিক্ষিকা স্কুলে নেই বলে মন্তব্য লিখে যান।
তিনি আরও বলেন, হেলেনা আক্তার ডলি দীর্ঘ ৩৮ বছর যাবত এই স্কুলে চাকরি করছেন, বয়সের কারণে তিনি অসুস্থ থাকেন। এবং স্কুলের পাশেই শিক্ষিকার মামার বাড়ি থাকায় তিনি প্রায়ই বিদ্যালয় থেকে মামার বাড়িতে যান।
এ বিষয়ে আরও জানতে শিক্ষিকা হেলেনা আক্তার ডলির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে বক্তব্য পাওয়া যায়নি।
ভিওডি বাংলা/মো. হুমায়ুন কবির/জা







