ফতুল্লায় অভিযান:
১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেলোয়ার গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেলোয়ার হোসেন (৪৫)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
সোমবার (৪ মে) বিকালে পরিচালিত এক পরিকল্পিত অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব-১০ জানায়, তাদের সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় এ অভিযান চালায়। এসময় র্যাব-১১-এর একটি দলও সহযোগিতা করে। বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন টাগারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক এ আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দেলোয়ার হোসেন শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পাচক এলাকার বাসিন্দা। তার পিতার নাম রুস্তম হাওলাদার। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তিনি যমুনা পূর্ব থানার একটি অস্ত্র মামলার দণ্ডপ্রাপ্ত আসামি। মামলা নম্বর ০১(১১)০৪ অনুযায়ী ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক)/(চ) ধারায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
র্যাবের দাবি, দেলোয়ার দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিল। গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করা হয়। এরপরই তাকে গ্রেপ্তারের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলোয়ার হোসেন স্বীকার করেছেন যে, গ্রেপ্তার এড়াতে তিনি নিয়মিত স্থান পরিবর্তন করতেন এবং ভুয়া পরিচয় ব্যবহার করে বিভিন্ন এলাকায় অবস্থান করতেন। এতে করে দীর্ঘ সময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থাকতে সক্ষম হন।
গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১০। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অব্যাহত রেখেছে।
ভিওডি বাংলা/জা







