• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিআরইউতে এআই সাংবাদিকতা প্রশিক্ষণের তৃতীয় দিন আজ

ভিওডি বাংলা ডেস্ক    ৫ মে ২০২৬, ০৪:৩৭ পি.এম.
ডিআরইউতে ৭ দিনব্যাপী এআই প্রশিক্ষণের তৃতীয় দিনের সেশন চলছে: ছবি : সংগৃহীত

সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের দক্ষতা বাড়াতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-তে চলমান সাত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলা এবং দ্রুত, নির্ভুল সংবাদ পরিবেশনের লক্ষ্যে এই প্রশিক্ষণকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সোমবার (৪ মে) ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে “এআই-নির্ভর সাংবাদিকতা: সুযোগ, ঝুঁকি ও ডিজিটাল নিরাপত্তা” শীর্ষক এই কর্মসূচির তৃতীয় দিনের সেশন অনুষ্ঠিত হয়। এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ ও গেমপ্লিফাই-এর সহযোগিতায় গত শনিবার শুরু হওয়া এই কর্মশালা চলবে আগামী ৮ মে পর্যন্ত।

তৃতীয় দিনের প্রশিক্ষণে সাংবাদিকদের সামনে তুলে ধরা হয় গুগল ট্রেন্ডসের মতো কার্যকর ডিজিটাল টুলের ব্যবহার। প্রশিক্ষকরা জানান, ট্রেন্ডিং সার্চ বিশ্লেষণের মাধ্যমে সহজেই সমসাময়িক কনটেন্ট আইডিয়া পাওয়া সম্ভব। এর মাধ্যমে পাঠক বা দর্শকের আগ্রহ ও অনুসন্ধান প্রবণতা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়, যা সংবাদ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়া, কনটেন্ট নির্মাতা ও পাঠকের মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরিতে এই ধরনের প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করা হয়।

আয়োজক প্রতিষ্ঠান গেমপ্লিফাই জানায়, এই প্রশিক্ষণে এআই-এর মৌলিক ধারণা থেকে শুরু করে বাস্তব প্রয়োগ পর্যন্ত ধাপে ধাপে শেখানো হচ্ছে। অংশগ্রহণকারীরা শিখছেন কীভাবে এআই টুল ব্যবহার করে দ্রুত তথ্য সংগ্রহ, সংবাদ লেখা, সম্পাদনা এবং আকর্ষণীয় শিরোনাম তৈরি করা যায়।

একই সঙ্গে ভুয়া তথ্য, অপতথ্য ও ডিপফেইক শনাক্ত করার কৌশল এবং ফ্যাক্ট-চেকিং টুল ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে এআই ব্যবহারের নৈতিকতা, ঝুঁকি এবং তথ্য নিরাপত্তা বিষয়গুলোও বিস্তারিতভাবে তুলে ধরা হচ্ছে।

ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, বর্তমান সাংবাদিকতায় এআই শুধু একটি প্রযুক্তি নয়, বরং এটি কাজের গতি ও নির্ভুলতা বাড়ানোর একটি শক্তিশালী মাধ্যম। পরিবর্তিত বাস্তবতায় টিকে থাকতে হলে সাংবাদিকদের এআই বিষয়ে দক্ষতা অর্জন জরুরি।

এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান বলেন, এআই ইতোমধ্যেই সাংবাদিকতার কর্মপ্রক্রিয়াকে দ্রুত ও কার্যকর করে তুলছে। এই প্রযুক্তিতে দক্ষতা অর্জন না করলে ভবিষ্যতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

সোমবারের প্রথম সেশনে আরিফুল ইসলাম আরমান বিভিন্ন এআই টুল যেমন জেমিনি, চ্যাটজিপিটি ও গুগল এআই স্টুডিওর ব্যবহারিক দিক তুলে ধরেন। তিনি দেখান কীভাবে এসব টুল ব্যবহার করে দ্রুত কনটেন্ট তৈরি ও যাচাই করা যায়।

দ্বিতীয় সেশনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর সহকারী অধ্যাপক মালিহা তাবাসসুম ডেটা সাংবাদিকতা ও তথ্য বিশ্লেষণ নিয়ে আলোচনা করেন। তিনি তথ্যভিত্তিক প্রতিবেদনের গুরুত্ব এবং ডেটা বিশ্লেষণের আধুনিক পদ্ধতি তুলে ধরেন।

দিনের শেষ সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এমডি সাইফুল আলম চৌধুরী। তিনি ডিজিটাল রিপোর্টিং, সোশ্যাল মিডিয়া স্টোরিটেলিং এবং গুগল ট্রেন্ডস ব্যবহার করে অপতথ্য মোকাবিলার কৌশল ব্যাখ্যা করেন।

ডিআরইউর তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল জানান, সদস্যদের মধ্যে এই প্রশিক্ষণ নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে তিন দিনে প্রায় ২০০ সদস্য অংশ নিয়েছেন এবং সক্রিয়ভাবে নতুন বিষয়গুলো শেখার চেষ্টা করছেন।

তিনি বলেন, শুধু সংবাদ তৈরি নয়, কীভাবে কনটেন্ট বেশি মানুষের কাছে পৌঁছানো যায়-সে বিষয়েও প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যতের সাংবাদিকতায় এআই সম্পর্কে অজ্ঞতা বড় ধরনের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

এই প্রশিক্ষণ কর্মসূচি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। সাত দিনে মোট সাতটি ব্যাচে ডিআরইউর সদস্যরা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাংগঠনিক সম্পাদক এমএম জসিম, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না ও আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূইয়াসহ অন্যান্য নেতারা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন পাঁচ মডেল নিয়ে বাজারে ঝড় তুলতে প্রস্তুত টাটা মোটরস
নতুন পাঁচ মডেল নিয়ে বাজারে ঝড় তুলতে প্রস্তুত টাটা মোটরস
ইন্টারনেটের দাম নিয়ে বড়  সুখবর, কমছে খরচ
ইন্টারনেটের দাম নিয়ে বড় সুখবর, কমছে খরচ
নতুন ‘মটোরোলা এজ ৭০ প্রো’ স্মার্টফোনে রয়েছে শক্তিশালী ব্যাটারি
নতুন ‘মটোরোলা এজ ৭০ প্রো’ স্মার্টফোনে রয়েছে শক্তিশালী ব্যাটারি