শাপলা চত্বরে হামলার মামলা:
ফারজানা, মোজাম্মেল ও দীপু মনিকে হাজিরের নির্দেশ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক ফারজানা রুপা, মোজাম্মেল বাবু এবং সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে আগামী ১৪ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এ আদেশ দেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ। বিচারিক প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির নির্দেশ দেন। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে অংশ নেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
আদালত আগামী ১৪ মে সংশ্লিষ্ট তিনজনকে ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য ওই দিন ধার্য করা হয়েছে। মামলাটির তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। তদন্ত সংস্থাকে আগামী ৭ জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
মামলার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং লেখক-গবেষক শাহরিয়ার কবির।
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযান ও সহিংসতার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। হেফাজতে ইসলামের পক্ষ থেকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেওয়া হয়। অভিযোগপত্রে মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।
ভিওডি বাংলা/জা







