ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি (প্রশাসন) হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
বৃহস্পতিবার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের দিন থেকে পরবর্তী চার বছর তিনি দায়িত্ব পালন করবেন।
নিয়োগসংক্রান্ত শর্তে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব পালনের সময় তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান ও সংবিধি অনুযায়ী প্রশাসনিক দায়িত্ব পালন করতে হবে। তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করবেন।
অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত। তিনি একই বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। পরবর্তীতে সেখান থেকেই পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
শিক্ষা ও গবেষণায় অবদানের জন্য তিনি বিভিন্ন স্বীকৃতি অর্জন করেছেন। বাংলাদেশ অ্যাকাডেমি অব সায়েন্স তাকে ‘অ্যাসোসিয়েট ফেলো’ হিসেবে মনোনীত করে। এছাড়া ন্যাশনাল ডিফেন্স কলেজের ‘ক্যাপস্টোন ফেলো’ হিসেবেও নির্বাচিত হন তিনি।
বর্তমানে তিনি আন্তর্জাতিক গবেষণা সাময়িকী ‘বাংলাদেশ জার্নাল অব প্ল্যান্ট ট্যাক্সোনমি’র প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জীববিজ্ঞান অনুষদ সাদা দলের আহ্বায়ক, ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশনের মহাসচিব এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ভিওডি বাংলা/জা







