জবির ২৩০ কোটি টাকার সংশোধিত বাজেট অনুমোদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের ২৩০ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকার সংশোধিত বাজেট অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি। একই সঙ্গে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য সিন্ডিকেটে সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৮৮তম (বিশেষ) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য ও অর্থ কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সংশোধিত বাজেট অনুমোদনের পাশাপাশি আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অর্থ কমিটি সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে। শিক্ষা, গবেষণা, অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ জুন অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় প্রস্তাবিত বাজেট চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদনের পর নতুন অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক পরিকল্পনা কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
সভায় ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর, এসডিএফের চেয়ারপারসন ড. মোহাম্মদ আব্দুল মজিদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বাজেট) লিউজা-উল-জান্নাহ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী এবং উপ-পরিচালক (ফান্ড ও বাজেট) খন্দকার হাবিবুর রহমানসহ অর্থ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে বাজেটের কার্যকর ব্যবহারের আহ্বান জানান।
ভিওডি বাংলা/আ







