বগুড়া সিটি কর্পোরেশনের নীতিগত অনুমোদনে আনন্দ মিছিল

বগুড়া সিটি কর্পোরেশন গঠনের নীতিগত অনুমোদনকে কেন্দ্র করে শহরে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি ও স্থানীয় নগরবাসী।
শুক্রবার (৮ মে) বিকাল সাড়ে ৫টায় সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শহরের নবাববাড়ি এলাকার দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুলিশ প্লাজার সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ নগরবাসী অংশ নেন। অংশগ্রহণকারীরা বগুড়াকে পূর্ণাঙ্গ ও আধুনিক সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তোলার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তারা নগর উন্নয়নের প্রতিটি ধাপে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তাদের মতে, প্রধানমন্ত্রী সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (নিকার)-এর ১২০তম সভায় বগুড়া সিটি কর্পোরেশন গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথ অনেকটাই সুগম হয়েছে।
তারা আরও উল্লেখ করেন, এ সিদ্ধান্ত কার্যকর হলে বগুড়ার নগর ব্যবস্থাপনায় আধুনিকতার ছোঁয়া আসবে। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং পরিকল্পিত নগরায়ণের নতুন সুযোগ সৃষ্টি হবে। এতে করে ভবিষ্যতে বগুড়া একটি আরও উন্নত ও সমৃদ্ধ শহরে রূপান্তরিত হতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়। নেতৃবৃন্দ একই সঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানান এবং নগর উন্নয়ন কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
ভিওডি বাংলা/আ স ম জাকারিয়া/জা







