কুমিল্লায় গুলিবিদ্ধ শিক্ষার্থী, মাদক নিয়ে ক্ষোভ এমপির

কুমিল্লায় মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথার আহমেদ প্রেমকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার পর আহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে দেখা করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টার দিকে নগরীর কাটাবিল এলাকায় প্রেমদের বাসায় যান তিনি। এ সময় তার সঙ্গে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার উপস্থিত ছিলেন।
পরিবারের সদস্যদের সামনে মাদক কারবারিদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, “আমরা সবাই তাদের (মাদক কারবারিদের) কাছে স্যারেন্ডার করে চলে যাই। আর না হয় কিছু একটা করেন বিজয়পুর যা হয়েছে। না হয় চলেন মানুষের কাছে ক্ষমা চেয়ে ক্ষমতা ছাইড়া দেই। মাদক কারবারি থাকবে, একজন স্কুলছাত্র স্কুলে যেতে পারবে না, তারপর আপনি ওসি থাকবেন, আমি এমপি থাকব, এটা ঠিক না। কি জবাব দিবেন এই পরিবারের কাছে। মাদক কারবারিদেরকে বিচারের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, “মাদক কারবারিদের ধরতে প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র সচিবের সাথে কথা বলা হবে। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে আমি ডিআইজি এবং কুমিল্লার এসপি সাহেবের সাথে কথা বলেছি। আমি রাতের মধ্যেই ফলাফল দেখতে চাই।”
পরে তিনি আহত শিক্ষার্থী ইথার আহমেদ প্রেমের মা সোনিয়া আক্তারের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন। একই সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন।
এ সময় কান্নাজড়িত কণ্ঠে সোনিয়া আক্তার বলেন, “অপু এবং সাব্বির দুই গ্রুপের মধ্যে কয়েকদিন ধরেই মারামারি চলছিল। আজকে আমি আমার ছেলেকে স্কুলে পাঠিয়েছিলাম। টিফিন দেওয়ার পর বাসায় আসার সময় আমার ছেলের পিঠে গুলি লাগে। আমার একটি মাত্র ছেলে। আমার ছেলের কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো।”
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথার আহমেদ প্রেম (১২)। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে সে।
ইথার আহমেদ প্রেম নগরীর কাটাবিল এলাকার বাসিন্দা মো. ইউনুস মিয়ার ছেলে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য