বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত যে সাত দলের

গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে সাতটি দেশের। ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এবারের আসরে শেষ ষোলো নয়, সরাসরি শেষ বত্রিশে জায়গা পাওয়ার লড়াই জমে উঠলেও কয়েকটি দলের স্বপ্ন আগেভাগেই ভেঙে গেছে।
টুর্নামেন্টের গ্রুপপর্ব শেষ হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। নিয়ম অনুযায়ী, মোট ১৬টি দল প্রথম রাউন্ড থেকেই বাদ পড়বে। এর মধ্যে সাতটি দেশের বিদায় ইতোমধ্যে নিশ্চিত হয়েছে।
প্রথম দুই ম্যাচেই হেরে সবার আগে বিদায়ের শঙ্কায় পড়ে কয়েকটি দল। পরে সেই তালিকায় যোগ হয়েছে কাতার ও চেক প্রজাতন্ত্রের নাম। নিজেদের গ্রুপের শেষ ম্যাচে কাতার হেরে যায় বসনিয়া ও হার্জেগোভিনার কাছে, আর চেক প্রজাতন্ত্র পরাজিত হয় মেক্সিকোর বিপক্ষে। ফলে দুই দলই পয়েন্ট টেবিলের তলানিতে থেকে বিশ্বকাপ মিশন শেষ করেছে।
এবারের বিশ্বকাপের নতুন ফরম্যাট অনুযায়ী, প্রতিটি গ্রুপের সর্বশেষ অবস্থানে থাকা দলগুলোর পাশাপাশি তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে সবচেয়ে বাজে রেকর্ডধারী চারটি দলও টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। সেই হিসাবেই গ্রুপ ‘সি’ থেকে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির।
দীর্ঘ অর্ধশতাব্দী পর বিশ্বকাপে ফিরে স্কটল্যান্ড ও ব্রাজিলের কাছে হারতে হয়েছে ক্যারিবীয় দেশটিকে। ফলে প্রত্যাবর্তনের স্বপ্ন হতাশায় শেষ হয়েছে তাদের।
ইউরোপের দলগুলোর মধ্যে প্রথম বিদায় নিশ্চিত হয় তুরস্কের। অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা। পরে একই পথে হাঁটে চেক প্রজাতন্ত্রও।
আফ্রিকার দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত একমাত্র বিদায় নিশ্চিত হয়েছে তিউনিসিয়ার। সুইডেন ও জাপানের বিপক্ষে বড় ব্যবধানে হারের কারণে তাদের বিশ্বকাপ যাত্রা থেমে গেছে গ্রুপপর্বেই।
এছাড়া প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা জর্ডানও বিদায় নিশ্চিত করেছে। এশিয়ার দলটি প্রত্যাশা পূরণ করতে পারেনি এবারের আসরে। অন্যদিকে, গ্রুপ ‘এল’-এ ঘানা ও ক্রোয়েশিয়ার কাছে হেরে আগেভাগেই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে পানামা।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপে টাইব্রেকারে গোল পার্থক্যের চেয়ে হেড-টু-হেড রেকর্ডকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে পয়েন্ট সমান হলেও দলগুলোর অবস্থানে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। আগামী রোববার গ্রুপপর্বের বাকি ম্যাচ শেষ হওয়ার পর নিশ্চিত হবে শেষ বত্রিশের পূর্ণ তালিকা।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য