• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিশ্বকাপে ইংল্যান্ড ও পর্তুগালকে এগিয়ে রাখলেন মরিনিয়ো

ভিওডি স্পোর্টস ডেস্ক    ২৬ জুন ২০২৬, ০৬:২৬ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের চূড়ান্ত বাঁশি বাজতে এখনো বাকি অনেক সময়। তবে এরই মধ্যে সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। সেই আলোচনায় এবার নিজের পছন্দের দলগুলোর নাম জানালেন পর্তুগিজ কোচ হোসে মরিনিয়ো। তার চোখে, আগামী বিশ্বকাপে সবচেয়ে শক্ত অবস্থানে থাকবে ইংল্যান্ড ও পর্তুগাল।

ইউটিউব চ্যানেল ‘বিস্ট মোড অন’-এর এক পডকাস্টে বিশ্বকাপের সম্ভাব্য ফেভারিট দল নিয়ে কথা বলেন সদ্য রিয়াল মাদ্রিদের দায়িত্বে ফেরা এই কোচ। সেখানে নিজের দেশ পর্তুগালকে নিয়েও বেশ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মরিনিয়ো বলেন, “পর্তুগালের বিশ্বকাপ জয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। অবশ্যই তাদের (বিশ্বকাপ জেতা) সম্ভব। তবে তারা একা নয়। আরও কয়েকটি শক্তিশালী দল রয়েছে।”

তবে ইংল্যান্ডকে নিয়েই সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী ‘স্পেশাল ওয়ান’। দীর্ঘদিন ধরেই ইংল্যান্ডকে সম্ভাব্য বিশ্বচ্যাম্পিয়ন মনে করেন বলে জানান তিনি।

তার ভাষায়, “আমি সব সময়ই বলি, ইংল্যান্ড (ফাইনালে ওঠার লড়াইয়ে থাকবে)। ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, স্টিভেন জেরার্ড, জন টেরি, রিও ফার্দিনান্দ, ডেভিড বেকহ্যাম–এর প্রজন্ম থেকে আমি এ কথাই বলে আসছি। এরপরও তারা পারেনি, কিন্তু আমি এখনও বলি– ইংল্যান্ড পারবে।”

ইংল্যান্ডকে কেন এতটা এগিয়ে রাখছেন, সেটির ব্যাখ্যাও দিয়েছেন মরিনিয়ো। তিনি বলেন, “আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল। ক্রিস্টাল প্যালেস কনফারেন্স লিগ জিতেছে। ইউরোপা লিগ জিতেছে অ্যাস্টন ভিলা। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ ও পিএসজি বাদ দিলে বিশ্বের সেরা খেলোয়াড়রা ইংল্যান্ডেই খেলছে।”

মরিনিয়োর মতে, অতীতে ছোট ছোট ভুল ও চাপ সামলাতে না পারাই ইংল্যান্ডের বড় ব্যর্থতার কারণ। তিনি বলেন, “আমার বিশ্বাস, অন্য যে কোনো দলের চেয়ে ইংল্যান্ডের ওপর গণমাধ্যমের চাপ বেশি। সেই চাপ সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়ে। প্রত্যাশা ও দায়িত্বের সেই চাপ তারা অনেক সময় সামলাতে পারেনি। তবে তাদের সব সময়ই ভালো কোচ ছিল, এখনও আছে। তাই আমি এখনও মনে করি, তারা বিশ্বকাপ জিততে পারে।”

এছাড়া ফ্রান্স ও ব্রাজিলকেও শিরোপার দৌড়ে রাখছেন মরিনিয়ো। বিশেষ করে কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলকে নিয়ে তার আলাদা প্রত্যাশা রয়েছে।

তিনি বলেন, “ফ্রান্স তিনটি আলাদা দল নিয়ে খেললেও শিরোপার লড়াইয়ে থাকবে। মরক্কোর সঙ্গে ড্রয়ের মতো খারাপ ফলের পরও কার্লো বিচলিত হন না। আমি সব সময়ই বিশ্বাস করি, কার্লো পার্থক্য গড়ে দিতে পারেন। আর পর্তুগালের স্কোয়াডও অসাধারণ।”

বিশ্বকাপ ফেভারিটের আলোচনায় স্পেন ও আর্জেন্টিনার নামও উঠে আসে। তবে মজার ছলে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের দ্রুত বিদায় চাওয়ার কথাও বলেন মরিনিয়ো।

হাস্যরসের সুরে তিনি বলেন, “আমি চাই রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা হেরে যাক এবং ছুটিতে চলে আসুক। কারণ আমি চাই যত দ্রুত সম্ভব প্রাক-মৌসুম অনুশীলনে যোগি দিক তারা!”

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
তিন যুগ পর বিশ্বকাপে স্বপ্নের ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে নতুন ইতিহাস, নকআউটে দক্ষিণ আফ্রিকা
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের দাবিদার যে তিন দল জানালেন প্রতিমন্ত্রী ইশরাক