• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজধানীতে আশুরার প্রথম প্রহরে ‘ইয়া হোসাইন’ ধ্বনিতে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক    ২৬ জুন ২০২৬, ০৬:৫০ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পবিত্র আশুরাকে ঘিরে রাজধানীতে শুরু হয়েছে শোকের আবহ। রাত পেরিয়ে নতুন দিনের প্রথম প্রহরেই শোক মিছিল ও মাতমে অংশ নেন শিয়া মুসলিম সম্প্রদায়ের শত শত মানুষ। 

মূল তাজিয়া মিছিল শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ১২টা ১ মিনিটে পুরান পল্টনের ইমামবাড়ার সামনের সড়কে জড়ো হন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ।

শোকাবহ পরিবেশে অংশগ্রহণকারীরা “ইয়া হোসাইন, ইয়া হোসাইন” ধ্বনি দিতে থাকেন। অনেককে শরীরে ব্লেডের আঘাত করে রক্ত ঝরিয়ে মাতম করতে দেখা যায়। তাদের দাবি, এভাবেই তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.)-এর প্রতি ভালোবাসা ও শোক প্রকাশ করেন।

শুধু শিয়া সম্প্রদায়ের সদস্যরাই নয়, সাধারণ মানুষও এই শোকানুষ্ঠান ও মাতম প্রত্যক্ষ করতে সেখানে ভিড় করেন।

অংশগ্রহণকারীরা জানান, শুক্রবার সকাল ১০টায় পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান থেকে মূল তাজিয়া মিছিল বের হবে। বিভিন্ন ইমামবাড়া থেকে শোক মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা সেখানে একত্রিত হবেন। পরে মিছিলটি ধানমন্ডির জিগাতলা মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

তারা আরও জানান, প্রতি বছরের মতো এবারও মহররমের প্রথম প্রহরে শোক কর্মসূচি পালন করা হচ্ছে।

মুসলিম বিশ্বের কাছে পবিত্র আশুরা শোক, ত্যাগ ও সত্য প্রতিষ্ঠার এক গভীর তাৎপর্যপূর্ণ দিন। কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে দিনটি বিশেষ ধর্মীয় গুরুত্ব বহন করে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

ইসলামের ইতিহাস অনুযায়ী, হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.), তার পরিবারের সদস্য ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।

সেই হৃদয়বিদারক ঘটনার স্মরণেই প্রতি বছর ১০ মহররম মুসলিম সম্প্রদায় শোক ও মর্যাদার সঙ্গে পবিত্র আশুরা পালন করে। 

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
আজকের নামাজের সময়সূচি
ছবি: সংগৃহীত
সহিংসতা রোধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান ইসলামী আন্দোলনের
ছবি: সংগৃহীত
আজকের নামাজের সময়সূচি