সমাজকল্যাণ মন্ত্রী
বাবা-মায়ের জন্য বেশি বেশি দোয়া করা, দান করা উচিত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বাবা-মায়ের জন্য যতবেশি দোয়া করা যায়, আত্মার মাগফেরাত কামনা করা যায়, তত বেশি তাদের আত্মা শান্তি পায়। এজন্য যাদের বাবা-মা পৃথিবী থেকে চলে গেছেন তাদের জন্য বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাওয়া, দান করা উচিত।
মন্ত্রী সোমবার (১১ মে) রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তর আয়োজিত বেগম জেবুন্নেছার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন। মরহুমা ডা. জাহিদ হোসেনের মা।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, আমরা কেউ চিরদিন বেঁচে থাকবো না। তবে যতদিন বেঁচে থাকবো, ততদিন বাবা-মায়ের দেখাশোনা করা, তাদের সেবা যত্নের জন্যে আমাদের কর্মব্যস্ততার মধ্যেও সুযোগ তৈরি করে নিতে হবে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেন, মরহুমা বেগম জেবুন্নেছা ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। শিক্ষকতা পেশায় নিবেদিত প্রাণ এই শিক্ষিকা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে অসংখ্য ছাত্র-ছাত্রীকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। তার অসংখ্য ছাত্র-ছাত্রী বর্তমানে রাষ্ট্র ও সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
তিনি ছিলেন একজন আদর্শ মা। একজন আদর্শ মা হিসেবে নিজের সন্তানদেরও সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলেছেন। মরহুমা বেগম জেবুন্নেছা অত্যন্ত ধার্মিক, সদালাপী, মিতব্যয়ী এবং বিনয়ী ছিলেন। মানুষের প্রতি তার মমত্ববোধ বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী ও শিশুদের প্রতি তার সহানুভূতি ছিল অনুকরণীয়।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে অন্যদের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শবনম মোস্তারী, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব মরহুমার স্মরণে বক্তৃতা করেন।
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবরা, যুগ্ম সচিবরা, আওতাধীন দপ্তর/সংস্থার প্রধানরা, মন্ত্রণালয়সহ সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। শিশু পরিবারের কোমলমতি শিশুরা দোয়া মাহফিলে উপস্থিত ছিল।
বেগম জেবুন্নেছার আত্মার মাগফেরাত কামনায় ক্যাপিটেশন গ্রান্টভুক্ত ২০ জন এতিম হাফেজ শিশু ছয়বার কোরআন খতম করেছে।
সবশেষে বেগম জেবুন্নেছার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন ধানমন্ডি সোবহানবাগ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মাসুম বিল্লাহ।
উল্লেখ্য, বেগম জেবুন্নেছা গত ৬ মে তারিখে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
ভিওডি বাংলা/এসআর







