• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক    ১৩ মে ২০২৬, ০৮:৫২ এ.এম.
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (১৩ মে) সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রমে প্রথম দিনে ২৩ মে’র যাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় রেখে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। একই দিন দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থাপনায় পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ মে’র যাত্রার টিকিট পাওয়া যাবে ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট ১৭ মে বিক্রি করা হবে। প্রতিদিন নির্ধারিত সময়েই অনলাইনে টিকিট উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ঈদযাত্রার টিকিট কেনার ক্ষেত্রে কিছু বিশেষ নিয়মও নির্ধারণ করা হয়েছে। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে একজন ব্যক্তি কেবল একবারই অগ্রিম টিকিট সংগ্রহের সুযোগ পাবেন। এছাড়া অগ্রিম কেনা টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না বলেও স্পষ্ট করেছে রেলওয়ে।

এদিকে, যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সুবিধা উচ্চ শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যাত্রার দিন সংশ্লিষ্ট স্টেশন থেকেই এসব দাঁড়িয়ে ভ্রমণের টিকিট সংগ্রহ করা যাবে।

কোরবানির পশু পরিবহনের বিষয়টিও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এ উপলক্ষে দুটি বিশেষ পশুবাহী ট্রেন বা ‘ক্যাটল স্পেশাল’ চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ২২ ও ২৩ মে ট্রেন দুটি চলাচল করবে। ট্রেনগুলো দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর বাজার স্টেশন থেকে ছেড়ে ঢাকার কমলাপুর, তেজগাঁও ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছাবে।

অন্যদিকে, ঈদে নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। আদালতের আদেশ অনুযায়ী, যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারীদের জন্য অন্তত একটি নির্দিষ্ট বগি সংরক্ষণ রাখতে হবে। মঙ্গলবার (১২ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
ঢাবি ক্যাম্পাসে পায়ে হেঁটে নজির সৃষ্টি করলেন প্রধানমন্ত্রী
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র‌্যাবের ৩৪১ সদস্য