ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

পুরান ঢাকার বংশাল এলাকায় একটি ভাড়া বাসা থেকে মোহাম্মদ নিসার আলী (৫০) নামে এক কাপড় ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১২ মে) নয়াবাজারের বাগডাসা লেনের একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহতের হাত-পা গামছা দিয়ে বাঁধা ছিল এবং মুখ জানালার পর্দা দিয়ে পেঁচানো অবস্থায় পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওহাব।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে। পরে খাটের ওপর থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে।
এসআই আব্দুল ওহাব আরও জানান, ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইমসিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ধারণা করা হচ্ছে, ঘটনাটি একদিন আগেই ঘটেছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত নিসার আলীর বাড়ি যশোরের শার্শা উপজেলার শ্যামলগাছী গ্রামে। তিনি ইসলামপুর এলাকায় কাপড়ের ব্যবসা করতেন এবং নয়াবাজারের ওই বাসায় একাই ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে বাসার মালিক মোহাম্মদ হোসেন বাবু বাসায় আলো জ্বলতে দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি দরজার বাইরের পর্দা সরিয়ে ভেতরে তাকিয়ে নিসার আলীর পা বাঁধা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।
জানা গেছে, প্রায় তিন মাস আগে বাসাটি ভাড়া নিয়েছিলেন নিসার আলী। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
ভিওডি বাংলা/এমএস







