ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে সংসদ সদস্য এডভোকেট রুমাকে সংবর্ধনা

পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট আরিফা সুলতানা রুমাকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৪ মে) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, শুভেচ্ছা বক্তব্য এবং উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে তাকে বরণ করা হয়।
অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো কলেজ প্রাঙ্গণ এদিন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং স্থানীয়দের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
সংবর্ধনা সভায় বক্তারা নারী শিক্ষার প্রসার, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং স্থানীয় সামাজিক উন্নয়নে এমপির ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দক্ষ ও মেধাবী নারী শিক্ষার্থী গড়ে তুলতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও আধুনিক ও কার্যকরভাবে গড়ে তুলতে হবে।
এ সময় কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামালসহ অন্যান্য শিক্ষকরা শিক্ষার পরিবেশ উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন এবং সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন। বক্তারা আশা প্রকাশ করেন, স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে এমপি রুমা আরও সক্রিয় ভূমিকা রাখবেন।
সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট আরিফা সুলতানা রুমা নারী শিক্ষার অগ্রগতিতে সরকার ও স্থানীয় পর্যায়ের যৌথ উদ্যোগের ওপর গুরুত্ব দেন। তিনি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং কলেজের সার্বিক উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আরিফুল ইসলাম ফারুক। শেষে উপস্থিত সবাই এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে তার আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।
ভিওডি বাংলা/প্রভাষক গিয়াস উদ্দিন সরদার/জা







