ঘণ্টা না পেরোতেই বেরোবি ভিসির নিয়োগ বাতিল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. আনিসুর রহমানের নিয়োগ এক ঘণ্টার ব্যবধানে বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৪ মে) বিকালে এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মোহাম্মদ সুলতান আহমেদের স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনে নিয়োগ বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা উল্লেখ করা হয়নি।
এর আগে একই দিনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে অধ্যাপক ড. আনিসুর রহমান-কে চার বছরের জন্য বেরোবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। নিয়োগের খবর প্রকাশের অল্প সময়ের মধ্যেই তা প্রত্যাহার হওয়ায় বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনা শুরু হয়েছে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ শওকাত আলী। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সময়ে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল।
ভিওডি বাংলা/জা







