• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কোরবানির একটি চামড়াও যেন নষ্ট না হয়: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৪ মে ২০২৬, ০৭:১৭ পি.এম.
ভার্চুয়াল সভায় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে চামড়া সংরক্ষণ নিয়ে মতবিনিময় করেন বাণিজ্যমন্ত্রী। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর কাঁচা চামড়া সংরক্ষণ ও ব্যবস্থাপনায় এবার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। একটি চামড়াও যেন নষ্ট না হয়, সে লক্ষ্যে মাঠ প্রশাসন, সিটি করপোরেশন, মাদ্রাসা ও এতিমখানাসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় দেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সিটি করপোরেশনের প্রশাসকরা যুক্ত হয়ে নিজ নিজ এলাকার প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরেন।

সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, কোরবানির পশুর চামড়া দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। সঠিকভাবে সংরক্ষণ করা গেলে চামড়া শিল্পের বিকাশের পাশাপাশি রফতানি আয়ও বাড়বে। একই সঙ্গে এতিমখানা, মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংগুলো আর্থিকভাবে উপকৃত হবে। কিন্তু অসচেতনতা ও সঠিক ব্যবস্থাপনার অভাবে প্রতি বছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়। এ ক্ষতি ঠেকাতে এবার আগেভাগেই বিস্তৃত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী নিজেও বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। এজন্য চামড়া সংরক্ষণকে জাতীয় দায়িত্ব হিসেবে বিবেচনা করে সংশ্লিষ্ট সবাইকে সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

সভায় বিভাগীয় কমিশনারদের অধীনে বিশেষ মনিটরিং টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে জেলা প্রশাসকদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হওয়ার পর মাঠপর্যায়ে সরাসরি তদারকি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চামড়া সংরক্ষণের সঠিক পদ্ধতি শেখাতে জেলা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রশিক্ষণ কার্যক্রম যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তব কাজে কার্যকর হয়, তা নিশ্চিত করতে হবে।

এছাড়া ঈদের আগে বাকি দুই জুমার খুতবায় চামড়া সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে দেশের খতিব ও ইমামদের প্রতি আহ্বান জানানো হয়েছে। কোরবানির পর কীভাবে দ্রুত ও সঠিকভাবে চামড়ায় লবণ প্রয়োগ করতে হবে, সে বিষয়েও মানুষকে সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে।

চামড়ার গুণগত মান রক্ষায় সরকার এবারও বিনামূল্যে লবণ বিতরণের উদ্যোগ নিয়েছে। সভায় জানানো হয়, মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংগুলোতে লবণ সরবরাহের জন্য ১৭ কোটির বেশি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য জেলা পর্যায়ে ৭৫ হাজার টাকা এবং উপজেলা পর্যায়ে ৫০ হাজার টাকা করে মোট ২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, কোরবানির দুই থেকে চার ঘণ্টার মধ্যে চামড়ায় পর্যাপ্ত লবণ লাগাতে হবে। প্রতি গরুর চামড়ায় ৮ থেকে ১০ কেজি এবং প্রতি ছাগলের চামড়ায় ৩ থেকে ৪ কেজি লবণ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি চামড়া খোলা বাতাস চলাচল করে এমন স্থানে রাখতে হবে, যাতে দ্রুত পচন না ধরে।

স্থানীয় পর্যায়ে অন্তত ৭ থেকে ১০ দিন পর্যন্ত চামড়া সংরক্ষণে উৎসাহ দেওয়া হচ্ছে বলেও সভায় জানানো হয়।

চামড়া সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে দেশজুড়ে প্রচারণা চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য ৩ লাখ পোস্টার ও ৮ লাখ লিফলেট বিতরণ করা হবে।

এছাড়া টেলিভিশন, রেডিও, জাতীয় পত্রিকা, সামাজিক যোগাযোগমাধ্যম এবং মোবাইল এসএমএসের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। ঈদের তিন দিন আগে থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিশেষ তথ্যচিত্র প্রচারের সিদ্ধান্তও হয়েছে।

সভায় আরও বলা হয়, পশুর হাটে পর্যাপ্ত লবণের সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চামড়া নিয়ে অপপ্রচার বা ইচ্ছাকৃতভাবে চামড়া বিনষ্টের মতো কোনো কর্মকাণ্ড দেখা গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

সড়ক ও মহাসড়কের পাশে পশুর হাট না বসানো এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সিটি করপোরেশন প্রশাসকদের চামড়া সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনা সমন্বিতভাবে তদারকির নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী।

সভা শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের পরিকল্পনা ও সবার সম্মিলিত প্রচেষ্টা সফলভাবে বাস্তবায়িত হলে এ বছর চামড়া নষ্টের ঘটনা অনেকাংশে কমে আসবে এবং দেশের মূল্যবান সম্পদ সংরক্ষণ করা সম্ভব হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান
‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান
দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন
দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন
দক্ষিণ কোরিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস মন্ত্রীর
দক্ষিণ কোরিয়া গমনেচ্ছুদের বিক্ষোভ, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস মন্ত্রীর