মাসুদ উদ্দিন এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়া একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
সোমবার (১৮ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পর এ আদেশ দেন। এর আগে গত ২৫ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি।
দুদকের আবেদনে বলা হয়, মাসুদ উদ্দিন চৌধুরীসহ অন্য আসামিরা পরস্পরের যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর এজেন্ট হিসেবে নিয়োগ পান। সরকার নির্ধারিত ফি ৭৮ হাজার ৯৯০ টাকা হলেও তারা শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেন।
অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন ধাপে অতিরিক্ত ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আদায় করা হয় এবং সেই অর্থ ছদ্মবেশে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থপাচার করা হয়েছে। এ ঘটনায় দণ্ডবিধি, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
দুদকের দাবি, মাসুদ উদ্দিন চৌধুরী জামিনে মুক্তি পেলে তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন পল্টন মডেল থানার একটি মামলায় আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে আরও একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।
ভিওডি বাংলা/আ







