উগ্রবাদে জড়িত অভিযোগে গ্রেফতার তাহসীন কারাগারে

উগ্রবাদী সংগঠন ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’-এর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া ১৯ বছর বয়সী তাহসীন ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে করা মামলার তদন্ত আগামী ২৬ জুলাইয়ের মধ্যে শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা এ বি সিদ্দিক আসামিকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন এবং সাত দিনের রিমান্ড আবেদন করেন।
বেলা ৩টা ৫০ মিনিটে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে তাহসীন ইসলামকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। বিকেল সোয়া ৪টার দিকে শুনানি শুরু হয়। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা জানান, ফাতাহ কমব্যাট সংগঠনের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
শুনানির সময় আদালত আসামির বক্তব্য জানতে চাইলে তাহসীন ইসলাম বলেন, ‘আমি নির্দোষ। আমার আর কিছু বলার নেই।’ এরপর বিচারক জানতে চান, ‘আপনার কোনো আইনজীবী আছে কি?’ জবাবে তিনি বলেন, ‘না।’
শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন নাকচ করে তাহসীন ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি আগামী ২৬ জুলাইয়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলেন।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহসীন ইসলাম আলোচিত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’-এর সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তবে তার দেওয়া তথ্য অনুযায়ী, যশোরে সংগঠনটির কোনো সক্রিয় সদস্য বা সাংগঠনিক কার্যক্রমের অস্তিত্ব পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নিজ বাড়ি থেকে তাহসীন ইসলামকে আটক করে। অভিযানের সময় তার কক্ষ থেকে একটি চাপাতি এবং কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম জানান, ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে তাহসীন ইসলামের বিরুদ্ধে মামলা থাকায় তাকে আটক করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলাও রয়েছে। তিনি এফসিএসের সদস্য বলে স্বীকার করেছেন। পরে রাতেই তাকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য