শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা
রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৮ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির শুনানি শেষে এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষের আইনজীবী দেলোয়ার জাহান রুমী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এই মামলায় রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর জন্য গত ৩০ জুন আদালতে আবেদন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান আবেদনটি করেন।
এর আগে আদালত ওই আবেদনের ওপর শুনানির জন্য ৮ জুলাই দিন ধার্য করেছিলেন। নির্ধারিত দিনে আসামির উপস্থিতিতে শুনানি শেষে আদালত দুদকের আবেদন গ্রহণ করে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক দুর্নীতির অভিযোগে গত বছরের ২২ ডিসেম্বর রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তের অংশ হিসেবে প্রয়োজন অনুযায়ী আসামিদের জিজ্ঞাসাবাদ বা আদালতের কাছে রিমান্ড আবেদন করতে পারে তদন্তকারী সংস্থা।
আইনজীবীদের মতে, কোনো ব্যক্তি আগে থেকেই কারাগারে থাকলেও নতুন কোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলে ওই মামলায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট অন্য একটি মামলায় গ্রেপ্তার হন রাশেদ খান মেনন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য