• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নতুন কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক    ১০ জুলাই ২০২৬, ০৮:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

নৈতিকতা, আধুনিক প্রযুক্তি ও পেশাদারিত্বের সমন্বয়ে গ্রাহকসেবায় উৎকর্ষ অর্জনের আহ্বান জানিয়ে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত ১৫৩ জন সিনিয়র অফিসারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমির শহিদ এলাহী বক্স অডিটোরিয়ামে আয়োজিত এই ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন।

অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে ব্যাংকের কার্যক্রম, সাংগঠনিক কাঠামো, মূল্যবোধ, সেবাদর্শন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে তাদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬১ লাখ সদস্য ও তাদের পরিবারের আর্থসামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি ব্যাংকের মিশন, ভিশন ও মূল্যবোধের সঙ্গে বাহিনীর আদর্শের সমন্বয় ঘটিয়ে সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যবস্থায় শুধু প্রচলিত জ্ঞান যথেষ্ট নয়। আধুনিক প্রযুক্তি, ডিজিটাল ব্যাংকিং, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য বিশ্লেষণ এবং গ্রাহকসেবাকেন্দ্রিক দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে সময়োপযোগী করে তুলতে হবে। পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ এবং আজীবন শেখার মানসিকতা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর ব্যাংকের আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে নেওয়া বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগের কথাও তুলে ধরেন।

তিনি জানান, বাংলাদেশ আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন ‘সঞ্জীবন প্রকল্প’ বাহিনীর সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, আয়বর্ধক কার্যক্রম সম্প্রসারণ, দারিদ্র্য বিমোচন এবং টেকসই আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রকল্প সফলভাবে বাস্তবায়নে নবনিযুক্ত কর্মকর্তাদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, একজন ব্যাংকারের সবচেয়ে বড় সম্পদ তার সততা, নৈতিকতা, কর্মনিষ্ঠা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা। তাই প্রতিষ্ঠানের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইন, বিধিবিধান ও নৈতিক মানদণ্ড অনুসরণ করে দায়িত্ব পালনের পাশাপাশি দলগত কর্মস্পৃহা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং ইতিবাচক কর্মসংস্কৃতি গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্বে নবনিযুক্ত ১৫৩ জন সিনিয়র অফিসার ব্যাংকের উন্নয়ন ও অগ্রযাত্রায় সততা, দক্ষতা, দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় প্রধান অতিথি অর্জিত জ্ঞান, প্রযুক্তিনির্ভর দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে ব্যাংকের উন্নয়ন, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দেশের আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমির কমান্ড্যান্ট, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক, উপমহাব্যবস্থাপক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
আগৈলঝাড়া থানায় হামলার নিন্দা জানাল বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
ফাইল ছবি
১২ জুলাই শিল্পকলায় নজরুল বর্ষের শিল্পী সম্মেলন
ছবি: সংগৃহীত
রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনসেবার মাধ্যম : তথ্যমন্ত্রী