চট্টগ্রামে বন্যার্তদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

টানা ভারি বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বন্যার্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
জেডআরএফ-এর ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের নির্দেশনায় ও নির্বাহী পরিচালক ডা. ফরহাদ হালিম ডোনারের সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রামের দুটি পৃথক স্থানে জরুরি খাদ্যসামগ্রী ও প্রাথমিক ওষুধ বিতরণ করা হয়েছে।
এদিন বিকেল সাড়ে ৩টায় হাটহাজারী উপজেলার বড়দিঘীর পাড়স্থ খিল্লাপাড়া এলাকায় এবং বিকেল সাড়ে ৪টায় নগরের ষোলশহর রেলস্টেশন এলাকায় পৃথকভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চিড়া, গুড়, মুড়ি, চানাচুর, বিস্কুট, পাউডার দুধ, ওরাল স্যালাইনসহ অন্যান্য জরুরি সামগ্রী। পাশাপাশি অসুস্থ ও ঝুঁকিপূর্ণ মানুষের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সহায়তার ব্যবস্থাও রাখা হয়।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগ মোকাবেলায় কেবল তাৎক্ষণিক ত্রাণ বিতরণ নয়; বরং ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনভিত্তিক সহায়তা কার্যক্রমও পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।
প্রয়োজনে চট্টগ্রামের আরো ক্ষতিগ্রস্ত এলাকায় একই ধরনের সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
ভিওডি বাংলা/আর








মন্তব্য