জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা
ব্যক্তিগত উদ্যোগে বিজয়ীদের আর্থিক পুরস্কার দিবেন আবদুস সালাম

দেশের অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) রাজধানীর গুলিস্তান জাতীয় স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রীড়াবিদদের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপিসহ দেশের বিভিন্ন জেলা, বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংস্থার শতাধিক ক্রীড়াবিদ অংশগ্রহণ করেন। ট্র্যাক ও ফিল্ডের নানা ইভেন্টে অংশ নিয়ে প্রতিযোগীরা নিজেদের সেরাটা উপস্থাপন করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স ও দর্শকদের ব্যাপক উপস্থিতিতে পুরো স্টেডিয়ামজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। এ সময় বিভিন্ন ইভেন্টে বিজয়ী ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মো. আব্দুস সালাম নিজের ব্যক্তিগত অর্থায়ন থেকে বিজয়ীদের প্রাপ্ত পুরস্কারের সমপরিমাণ অতিরিক্ত অর্থ পুরস্কার হিসেবে ঘোষণা করেন। তার এ ঘোষণায় ক্রীড়াবিদদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়।
জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের অংশগ্রহণ আয়োজনকে আরও প্রতিযোগিতাপূর্ণ ও আকর্ষণীয় করে তোলে।
ক্রীড়াবিদদের দুর্দান্ত পারফরম্যান্স এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক, বিভিন্ন ফেডারেশনের কর্মকর্তা, প্রশিক্ষক, সাবেক ও বর্তমান ক্রীড়াবিদসহ বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/বিন্দু







