অনৈতিক আচরণের অভিযোগে জবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দুই শিক্ষার্থীকে অনৈতিক ও অসামাজিক আচরণের অভিযোগে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক শেখ মো. গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে ২০২৬, সোমবার সমাজকর্ম বিভাগের একটি শ্রেণিকক্ষে সংশ্লিষ্ট দুই শিক্ষার্থীকে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় দেখা যায়। পরবর্তীতে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ধরনের আচরণ দেশের প্রচলিত আইন, সংস্কৃতি, নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলার পরিপন্থী। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব বিবেচনায় তাদের সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন আহমেদ বলেন, দুই বিভাগের দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র পরিহিত অবস্থায় একটি রিলস ভিডিও তৈরি করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাতে অনভিপ্রেত দৃশ্য পরিলক্ষিত হয়, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এ কারণেই প্রশাসন তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে।
ভিওডি বাংলা/বিন্দু







