ডুয়েটে ভিসি নিয়োগ ঘিরে তুমুল সংঘর্ষ, আহত ২০

নতুন উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাস। বিক্ষোভ, গেট অবরোধ ও পাল্টাপাল্টি অবস্থানের এক পর্যায়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল-এর নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর থেকেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তারা শুরু থেকেই এই নিয়োগ প্রত্যাখ্যান করে আসছিলেন।
রোববার (১৭ মে) নতুন ভিসির ডুয়েটে যোগদানের কথা ছিল। এর আগেই সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তারা নতুন ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে ‘লাল কার্ড’ কর্মসূচি পালন করেন। একই সময় ক্যাম্পাসের বাইরে অবস্থান নেন ভিসিপন্থি একটি পক্ষ। পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষ বাধে। এতে অন্তত ২০ জন আহত হন।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের মতো বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বাইরের কাউকে নয়, প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত। তাদের ভাষ্য, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে ডুয়েটের শিক্ষকদের অভিজ্ঞতা ও বোঝাপড়া বেশি হওয়ায় তারা প্রতিষ্ঠান পরিচালনায় অধিক কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা আরও বলেন, “বহিরাগত কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে।” এজন্য তারা ডুয়েটের জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানান।
ভিওডি বাংলা/এমএস







